Sylhet Today 24 PRINT

বদলি নেমেই গোল, গোলের উদযাপন করে কার্ড পেয়ে মাঠছাড়া

স্পোর্টস ডেস্ক |  ০৪ ফেব্রুয়ারী, ২০২৪

আগের ম্যাচে ওসাসুনার বিপক্ষে বদলি নেমে ৬৮ সেকেন্ড পরই গোল করেছিলেন ভিতর রকি। ব্রাজিলিয়ান এই তরুণ এবার বদলি নেমে আলাভেসের বিপক্ষেও ঝলক দেখালেন। ৫৯ মিনিটে ইকাই গুনদোয়ানের বদলি হয়ে মাঠে নামার পর ৬৩ মিনিটে করলেন গোল। এরপর পাঁচ মিনিটের মধ্যে দুটি হলুদ কার্ড দেখে ৭২ মিনিটে লাল কার্ডে মাঠও ছেড়ে গেলেন।

মাঠে নেমে আবার লাল কার্ড দেখে উঠে গেলেও বার্সেলোনাকে ভোগান্তিতে পড়তে হয়নি। আলাভেসের মাঠে ম্যাচ জিতেছে ৩-১ ব্যবধানে।

বদলি নামার চার মিনিট দলের তৃতীয় গোলটি করেন রকি। এর আগেই ম্যাচে বার্সেলোনা এগিয়ে ছিল ২-১ ব্যবধানে। ম্যাচের ২২তম মিনিটে গুনদোয়ানের দারুণ অ্যাসিস্টে বল জালে পাঠিয়ে বার্সার গোলের খাতা খোলেন রবার্ট লেভানডফস্কি।

বিরতির পর চতুর্থ মিনিটে গোল করে গুনদোয়ানই বার্সাকে এগিয়ে দেন ২-০ ব্যবধানে। যদিও দুই মিনিট পরই সামু ওমোরোদিওনের সৌজন্যে এক গোল শোধ দিয়ে দেয় আলাভেস।

তবে ম্যাচের নাটকীয়তা বাড়তে শুরু করে গুনদোয়ানের বদলি হিসেবে রকি নামলে। ৭২ মিনিটে দ্বিতীয় যে হলুদ কার্ড দেখে তাকে মাঠ ছাড়তে হয়, সেটি নিয়ে ডাগআউটে ভীষণ ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় কোচ জাভিকে।

ম্যাচটায় অবশ্য শেষ পযন্ত তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বার্সেলোনা। ২৩ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে বার্সা এখন তৃতীয় স্থানে। এক ম্যাচ কম খেলে জিরোনার পয়েন্ট ৫৫, রিয়াল মাদ্রিদের ৫৭।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.