Sylhet Today 24 PRINT

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা-নাপোলির ড্র

স্পোর্টস ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০২৪

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে পয়েন্ট ভাগাভাগি করেছে বার্সেলোনা ও নাপোলি।

ইতালির মাঠে ম্যাচের ৬০তম মিনিটে রবার্ট লেভানডোস্কি বার্সাকে এগিয়ে দেন। বটম কর্নার দিয়ে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে দেন। তাতেই জয়ের স্বপ্ন দেখতে থাকে কাতালানরা। কিন্তু তাদের সে আশায় জল ঢেলে দেন ভিক্টর ওসিমেন।

নাপোলির বিপক্ষে প্রভাব বিস্তার করে খেলেছে বার্সেলোনা। কোচ ফ্রান্সেসকো ক্যালজোনার প্রথম ম্যাচে সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারছিল না স্বাগতিকরা।

তার পরও শেষ পর্যন্ত ফেরার পথ খুঁজে নেয় নাপোলি। বার্সার ডিফেন্ডারকে কাটিয়ে গোলপোস্টের খুব কাছে চলে যান ওসিমেন। নির্ভুল নিশানায় বার্সার গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে ফাঁকি দিয়ে দলকে উপহার দেন সমতাসূচক গোল।

নাপোলি ফিরতি লেগের ম্যাচ খেলতে বার্সেলোনার মাঠ সফরে যাবে ১২ মার্চ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.