Sylhet Today 24 PRINT

যে কারণে ওয়ানডে দল থেকে বাদ পড়লেন লিটন দাস

স্পোর্টস ডেস্ক |  ১৭ মার্চ, ২০২৪

শ্রীলঙ্কা বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলছে। প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের পর দ্বিতীয় ম্যাচে এসে জিতেছে শ্রীলঙ্কা। ১-১ এ সমতায় থাকা তৃতীয় ম্যাচটি হতে যাচ্ছে সিরিজ নির্ধারণী।

সোমবার অনুষ্ঠেয় ম্যাচের জন্যে শনিবার স্কোয়াড ঘোষণা করেছেন নির্বাচকেরা। তাতে বাদ পড়েছেন লিটন দাস। তার জায়গায় দলে প্রথমবারের মতো এসেছেন জাকের আলি অনিক।

প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন লিটন দাস। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু স্পষ্টভাবে জানিয়েছেন, লিটন অফ ফর্মের কারণেই বাদ পড়েছেন। নির্বাচক কমিটির পক্ষ থেকে লিটনকে সরাসরিই বলা হয়েছে তাকে বাদ দেওয়া হয়েছে বাজে পারফরম্যান্সের কারণে।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর একবার পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েন লিটন। এবার একই কারণে বাদ পড়লেন তিনি।

লিটনকে বাদ দেওয়ার কারণ জানিয়ে প্রধান নির্বাচক লিপু বলেন, ‘যেহেতু সিরিজ চলছে, পরিবর্তনের খুব বেশি সুযোগ ছিল না। তবে নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে এই স্কোয়াডের সাথে আর রাখছি না। দলে আগে থেকে এনামুল হক বিজয় ও তানজিদ হাসান তামিম রয়েছে যারা ওপেন করতে পারে। সৌম্য আরেকজন ওপেনার আছে। লিটনকে যখন স্কোয়াডে অন্তর্ভুক্ত করলাম না তখন এই জায়গায় নতুন করে কোনো ওপেনারের প্রয়োজন দেখিনি। ইতোমধ্যে দুটি অপশন আছে এর মধ্যে একটি আমাদের কোচ-ক্যাপ্টেনকে বেছে নিতে হবে।’

লিটনের বাদ পড়া এবং অনিকের দলে প্রবেশের বিষয়ে কোচ-অধিনায়কের মতামত নিয়েছেন বলে জানান গাজী আশরাফ লিপু, ‘এই সিলেকশন প্রক্রিয়ায় আমরা অবশ্যই কোচ-ক্যাপ্টেনের মতামত নিয়েছি। আমরা দেখেছি লিটনের পরিবর্তে দলে যদি মিডল অর্ডারে কাউকে সংযোজন করা যায়, সেখানে একটা গ্যাপ আছে। সেখানে অনিককে মনে করেছি এই জায়গায় যথার্থ হবে। সাদা বলে সে টি-২০ খেলেছে, রান করেছে, রান পেয়েছে ডিপিএলেও। একাধিক ভূমিকা পালন করতে পারে, মিডল অর্ডারে ওপরের দিকে খেলতে পারে আবার ফিনিশারের ভূমিকাও পালন করতে পারে।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেটে কনকাশনেরও ঝুঁকি থাকে। আমরা মনে করেছি লিটনের পরিবর্তে অনিককে দলে নিলে দলের ভারসাম্য অনেক ভালো থাকবে। তৃতীয় ম্যাচ দিবারাত্রির নয়, সকাল ১০টায় শুরু হবে। সেই আলোকে আমরা মনে করেছি অনিক বেশি যোগ্য দাবিদার।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.