স্পোর্টস ডেস্ক | ২২ মার্চ, ২০২৪
টেস্ট অভিষেক হয়েছে পেস বোলার নাহিদ রানার। জীবনের প্রথম টেস্ট খেলতে নেমে নিয়েছেন ৩ উইকেট। রানা ও দলে বাকি বোলারদের নৈপুণ্যে বাংলাদেশ সফরকারী শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে আটকে রেখেছে ২৮০ রানে।
শুক্রবার (২২ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অভিষিক্ত নাহিদ রানাকে টেস্ট ক্যাপ দেওয়ার সময় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দিনটা উপভোগ করার কথা বলেছিলেন। তবে বোলিংয়ে এসে প্রথম দুই সেশন উপভোগ করতে পারেননি বাংলাদেশের হয়ে প্রথমবার খেলতে নামা এই পেসার।
সতীর্থ বোলারদের চেয়ে মুক্ত হস্তে রান দিচ্ছিলেন নাহিদ। সঙ্গে প্রথম উইকেট নেওয়ার মুহূর্তও তৈরি করতে পারছিলেন না তিনি। অবশেষে তৃতীয় সেশনে সেই মুহূর্তের দেখা পেয়েছেন ২১ বছর বয়সী পেসার। যখন পেলেন তখন জোড়া ধাক্কাই দিলেন তিনি।
শ্রীলঙ্কার দুই সেঞ্চুরিয়ান কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভাকে পর পর ফিরিয়েছেন তিনি। পরে আরেকটি উইকেট নিয়ে সেশনটা নিজের করে নিয়েছেন তিনি। এক সময় যেখানে ৩০০ রানের সম্ভাবনা জেগেছিল লঙ্কানদের, তা আর সম্ভব হয়নি। পরে অবশ্য ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশও।
নাহিদের জোড়া ধাক্কাতে স্বস্তি ফিরে পায় বাংলাদেশ। দুজনই বা লঙ্কানদের সেঞ্চুরিয়ান ব্যাটারও। শ্রীলঙ্কার বাঁহাতি ব্যাটার কামিন্দুকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানিয়ে নিজের স্বপ্নের টেস্ট উইকেটও পেয়ে যান নাহিদ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট বলে কথা। দ্বিতীয়টি পেতে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশি পেসারকে। ফিরতি ওভারেই আরেক সেঞ্চুরিয়ান ধনঞ্জয়াকে ফেরান তিনি। টেস্ট ক্যারিয়ারের ১১ তম সেঞ্চুরি করা শ্রীলঙ্কার অধিনায়ক কামিন্দুর মতোই ১০২ রান করে ফিরেছেন মেহেদি হাসান মিরাজকে ক্যাচ দিয়ে। ড্রেসিংরুমে ফেরার আগে ইনিংসটি সাজিয়েছেন ১২ চার ও ১ ছক্কায়।
শ্রীলঙ্কান অধিনায়ককে ১৪২ কি.মি. গতির বলে আউট করেছেন উদীয়মান পেসার। অধিকাংশ সময়ই ১৪০ কি.মি. এর বেশি গতিতে বল করা নাহিদের সর্বোচ্চটি ছিল ১৪৬.২ কি.মি.।
সিলেটে গতির ঝড় তোলা নাহিদ পরে তৃতীয় উইকেটও পেয়েছেন। তার তৃতীয় শিকার প্রবাথ জয়াসুরিয়া। বাঁহাতি স্পিনার ১ রান করে লিটনকে ক্যাচ দিয়েছেন।
২১ পেরুনো চাঁপাইনবাবগঞ্জের ছেলে নাহিদ রানা ১৮ বছর বয়েসে প্রথম ক্রিকেট বলে খেলা শুরু করেন। বয়সভিত্তিক ধাপ, জাতীয় লিগ, এইচপি পেরিয়ে খুঁজে নেন জাতীয় দরজা। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ১০৩তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হয়েছে তার।
নাহিদের প্রথম শ্রেণির অভিজ্ঞতা বলতে ছিল এতদিন ১৫ টেস্টে স্রেফ ২১.৯২ গড়ে নেওয়া ৬৩ উইকেট। ছোট্ট ক্যারিয়ারেই পাঁচ উইকেট নিয়েছেন ৩ বার। জাতীয় লিগ দিয়ে আলো কাড়ার পর গত বিপিএলে নজর কাড়েন নাহিদ।
ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার ছুঁইছুঁই গতি তোলে সাড়া ফেলে দেন দীর্ঘকায় পেসার। ইবাদত হোসেন, তাসকিন আহমেদদের অনুপস্থিতিতে তাকে টেস্ট স্কোয়াডে নিয়ে নেয় বাংলাদেশ দল।
সিলেটে প্রথম টেস্টে প্রথম ইনিংস শেষে নাহিদ রানার বোলিং ফিগার দাঁড়ায় ১৪-২-৮৭-৩।