Sylhet Today 24 PRINT

ব্যাটিংয়ে জিম্বাবুয়ে, বাংলাদেশ দলে ৩ পরিবর্তন

স্পোর্টস ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০১৬

ফাইনালের আবহ নিয়ে বছরের প্রথম সিরিজ জয়ের লক্ষ্যে জিম্বাবুয়ের বিপক্ষে আর কিছু পরেই মাঠে নামবে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের দলপতি এলটন চিগুম্বুরা।

চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ শেষে ২-১ এ এগিয়ে মাশরাফিরা। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটে টাইগারদের জন্য এটি মাইলফলক ছোঁয়ার ম্যাচও বটে। নিজেদের ৫০তম ম্যাচ টি-২০ ম্যাচ খেলতে নামছে টিম বাংলাদেশ।

প্রথম দুই ম্যাচে প্রত্যাশিত জয়ে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় বাংলাদেশ। কিন্তু তৃতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ হারা জিম্বাবুয়ে।

প্রসঙ্গত, বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে (২০০৬ সালের ২৮ নভেম্বর) প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। সময়ের পরিক্রমায় এবার ৫০তম ম্যাচেও প্রতিপক্ষ জিম্বাবুইয়ানরা।

অন্যদিকে, সংক্ষিপ্ত ফরমেটে জিম্বাবুয়ের এটি ৪৮তম ম্যাচ।

তৃতীয় ম্যাচে পাঁচটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। সিরিজ জিততে শেষ ম্যাচে পরিবর্তন এসেছে তিনটি।

দলে ফিরেছেন অভিজ্ঞ হার্ড হিটার ওপেনার তামিম ইকবাল। তার সঙ্গে আছেন আরাফাত সানি ও পেসার তাসকিন আহমেদ। এদের জায়গা দিতে দল থেকে বাদ পড়েছেন মো. শহীদ, মুক্তার আলী ও মোসাদ্দেক হোসেন।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, নুরুল হাসান (উইকেটরক্ষক), মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আরাফাত সানি, তাসকিন আহমেদ ও আবু হায়দার রনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.