Sylhet Today 24 PRINT

টি-টোয়েন্টিতে ১১ নম্বরে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ২৩ জানুয়ারী, ২০১৬

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান উল্লেখ করার মত হলেও ক্রিকেটের টি-টোয়েন্টিতে অবস্থানের দিক থেকে বাংলাদেশ স্কটল্যান্ডেরও নিচে। টি-টোয়েন্টিতে মাশরাফি বিন মুর্তজার দলের অবস্থান এখন ১১ নম্বরে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ ড্র করে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে স্কটল্যান্ডেরও নিচে নেমে গেছে বাংলাদেশ।

সিরিজ শুরুর আগে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছিল দশে। চার ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে জিতে সিরিজ জয়ের পথেও ছিল বাংলাদেশ। কিন্তু হেরে বসে শেষ দুই ম্যাচে। তাতে সিরিজ হয়েছে ২-২ –এ ড্র আর র‌্যাঙ্কিংয়ে হারাতে হয়েছে ৫ রেটিং পয়েন্ট।

বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৬৪। ৬৬ পয়েন্ট নিয়ে দশে স্কটল্যান্ড। সিরিজ ড্র করেও অবশ্য র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি জিম্বাবুয়ে। আগের মতোই ১৪ নম্বরে আছে তারা, তবে যোগ হয়েছে তাদের ৪ রেটিং পয়েন্ট।

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার সমান ১১৮ পয়েন্ট নিয়েও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে ক্যরিবিয়ানরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.