Sylhet Today 24 PRINT

রেকর্ড গড়ে ইউরোপা লিগের ফাইনালে জাভি আলানসোর লেভারকুসেন

স্পোর্টস ডেস্ক |  ১০ মে, ২০২৪

কামব্যাক শব্দের সঙ্গে রিয়াল মাদ্রিদের প্রত্যক্ষ যোগ। হারতে যাওয়া ম্যাচগুলোতেও শেষ মহূর্তের গোলে হয় জয় পায়, নয়ত জয় এড়ায় স্প্যানিশ ক্লাবটি। নিকট অতীতেও এমনটা ঘটিয়েছে তারা চ্যাম্পিয়ন্স লিগে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের বিপক্ষে। সব আলোচনা যখন রিয়ালকে ঘিরে তখন একই কাজ বারবার করে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন। কাল রাতে আরও একবার তেমনটা করে দেখাল জাভি আলানসোর দল।

এএস রোমার বিপক্ষে ম্যাচের ৮২ মিনিট পর্যন্তও লেভারকুসেন ছিল যখন দুই গোলে পিছিয়ে তখনই কামব্যাক করে তারা। আত্মঘাতী গোলে ব্যবধান কমানোর পর যোগ করা সময়ে সমতা। ফলে দুই লেগ মিলিয়ে এগিয়ে থাকার সুবাদে তারা পৌঁছে গেছে ইউরোপা লিগের ফাইনালে।

কেবল ফাইনালে যাওয়াই নয়, এর সঙ্গে টানা অপরাজিত থাকার রেকর্ড গড়েছে বায়ার লেভারকুসেন। টানা ৪৯ ম্যাচ অপরাজিত এখন জার্মান ক্লাবটি, যে রেকর্ড আর কারো নাই।

গত সপ্তাহে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ৫-১ ব্যবধানের বিশাল জয়ে টানা ৪৮ ম্যাচে অপরাজিত থেকে বেনফিকার ৫৯ বছর আগে গড়া রেকর্ড স্পর্শ করে লেভারকুসেন। ১৯৬৩ থেকে ১৯৬৫ পর্যন্ত টানা ৪৮ ম্যাচে অপরাজিত ছিল পর্তুগিজ ক্লাবটি। যা এখন পর্যন্ত কোনো ইউরোপিয়ান ক্লাবের সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড। বেনফিকাকে ছাড়িয়ে তাই ৪৯ ম্যাচে অপরাজিত থেকে ইউরোপিয়ান ক্লাব হিসেবে সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত রেকর্ড এখন লেভারকুসেনের।

ঘরের মাঠে ফিরতি লেগে ২-২ ব্যবধানের ড্রয়ে দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে ইউরোপা লিগের ফাইনালে পৌঁছাল লেভারকুসেন। আগের লেগের রোমার মাঠে ২-০ ব্যবধানে জিতেছিল তারা। এদিকে আরেক সেমিতে ফেঞ্চ ক্লাব মার্শেইকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে ফাইনালে পৌঁছেছে আতালান্তা।

ইতালিয়ান শীর্ষ লিগ সেরি আর এই ক্লাবের বিপক্ষেই আগামী ২৩ মে ইউরোপা লিগের শিরোপার লড়াইয়ে নামবে লেভারকুসেন। তার দুই দিন পরই ২৬ মে ডিএফবি-পোকাল যেটি জার্মান কাপ হিসেবেও পরিচিত, সেখানে কাইজারস্লাটার্নের বিপক্ষে ফাইনালে খেলবে তারা। এতে বুন্দেসলিগা শিরোপার পর সামনে আরও দুটি শিরোপা জয়ের সম্ভাবনা জাবি আলোনসোর দলটির।

বে অ্যারেনার গতরাতের ম্যাচে আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার লেয়ান্দ্র পারেদেরসের জোড়া পেনাল্টির গোলের ম্যাচের ৬৬ মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে যায় রোমা। তবে ৮২তম মিনিটে এসে ইতালিয়ান ক্লাবটির ভুলে ব্যবধান কমায় লেভারকুসেন। সেখানে আত্মঘাতী গোল করে বসেন জানলুকা মানচিনি।

পরে যোগ করা সময়ে ৯০+৭ মিনিটে স্টানিসিচের গোলে ফাইনাল নিশ্চিত করে অপরাজিত যাত্রার রেকর্ডের উদযাপনে মাতে বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.