Sylhet Today 24 PRINT

পিএসজি ছাড়ার আগে ফ্রান্সসেরার পুরস্কার জিতলেন এমবাপে

স্পোর্টস ডেস্ক |  ১৪ মে, ২০২৪

ছবি: সংগৃহীত

পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন কিলিয়ান এমবাপে। তার আগামী গন্তব্য কোথায় হচ্ছে সেটা এখন পর্যন্ত আনুষ্ঠানিক না হলেও ধারণা করা হচ্ছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যাচ্ছেন তিনি।

পিএসজির মৌসুম এখনো শেষ হয়নি। ফ্রেঞ্চ লিগ ‘আঁ’-তে তাদের আরও দুটি ম্যাচ বাকি আছে। এর মধ্যেই গতকাল ফ্রান্সের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সাত মৌসুমের অভিযান শেষে পিএসজি ছাড়ার ঘোষণা দেওয়া কিলিয়ান এমবাপে।

২৫ বছর বয়সী এমবাপে প্যারিসে ফ্রেঞ্চ প্লেয়ার্স ইউনিয়নের পুরস্কার রাতে ফ্রেঞ্চ লিগ ‘আঁ’র সেরা খেলোয়াড়ের পুরস্কারটি জিতলেন টানা পঞ্চমবারের মতো। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির হয়ে ৪৪ গোল করেছেন তিনি।

ফ্রান্সের অধিনায়ক এমবাপে ঘরের মাঠে নিজের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন গত পরশু। তুলুজের কাছে সেই ম্যাচে ৩-১ গোলে হেরেছে পিএসজি।

তুলুজের বিপক্ষে পিএসজির একমাত্র গোলটি এমবাপের। এই গোলে লিগ ‘আঁ’তে চলতি মৌসুমে এমবাপের গোলের সংখ্যা দাঁড়িয়েছে ২৭-এ। লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকার দ্বিতীয় স্থানে থাকা লিলের জোনাথন ডেভিডের চেয়ে ৮ গোল বেশি তার।

ঘরোয়া ফুটবলে পিএসজির আধিপত্যের ছাপ আছে পুরস্কার পাওয়াদের তালিকায়ও। বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন দলটির মিডফিল্ডার ওয়ারেন জেইর-এমেরি আর বর্ষসেরা গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা।

বর্ষসেরা কোচের পুরস্কারটি পেয়েছেন ব্রেস্তের এরিক রয়। প্রথমবারের মতো ফরাসি ক্লাবটিকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা পাইয়ে দিয়েছেন ফরাসি এই কোচ।

এক ম্যাচ হাতে রেখে পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করা নিশ্চিত করে ফেলেছে ব্রেস্ত। যার মানে, ইউরোপা লিগে তাদের খেলা নিশ্চিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.