Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক |  ১৭ মে, ২০২৪

বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে দ্বিপাক্ষিক সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ ক্রিকেট দল।

প্রায় ২৬ ঘণ্টার লম্বা যাত্রা শেষে আজ (শুক্রবার) ভোরে গন্তব্যে পৌঁছেছেন শান্ত-সাকিবরা।

বাংলাদেশ সময় ভোর ৪টা ২০ মিনিটে টেক্সাসের হিউসটনের জর্জ বুশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছায় বাংলাদেশ দল।

বিশ্বকাপের সহ-আয়োজক দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি টেক্সাসের এই শহরেই।

আগামী ১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের মূলপর্ব।

আইসিসির বৈশ্বিক এই টুর্নামেন্টের আগে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি নির্ধারণ করে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।

আগামী ২১, ২৩ ও ২৫ মে হিউসটনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের ম্যাচগুলো খেলবে শান্ত-তাসকিনরা।

মূলপর্বে বাংলাদেশের ম্যাচ আগামী ৭ জুন (বাংলাদেশ সময় ৮ জুন ভোর ৬টা ৩০ মিনিট)। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচ দিয়েই বিশ্বকাপের যাত্রা শুরু হবে নাজমুল হোসেন শান্তর দলের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.