Sylhet Today 24 PRINT

নেপালের বিপক্ষে বাংলাদেশের ১০৬ রান

স্পোর্টস ডেস্ক |  ১৭ জুন, ২০২৪

ব্যাটিং ব্যর্থতার আরও এক প্রদর্শনী করল বাংলাদেশ দল। নেপালের বিপক্ষে করেছে মাত্র ১০৬ রান। খেলতে পারেনি নির্ধারিত ২০ ওভারও।

ব্যাটিং বিপর্যয়ের শুরু হয় তানজিদ হাসান তামিমের আউট দিয়ে। ইনিংসের প্রথম বলেই ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে বোলারের হাতেই ক্যাচ দিলেন তামিম।

লিটন দাস, নাজমুল হোসেস শান্ত ও তাওহিদ হৃদয় করলেন অদ্ভুত ব্যাটিং।

ইনিংসের দ্বিতীয় বলে নামতে হয়েছে অধিনায়ক শান্তকে। পজিশন পরিবর্তন করেও পাননি ছন্দ। দ্বিতীয় ওভারে দীপেন্দ্র সিং আইরির বল রক্ষাণাত্মক খেলার চেষ্টা করেন শান্ত। বলের সঙ্গে চোখের সংযোগ ছিল না একদমই। ব্যাট-প্যাডের মাঝ দিয়ে স্টাম্পের লালবাতি জ্বালিয়ে দেয় বল।

৫ বলে ৪ রানে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শান্তর নামের পাশে আরেকটি ব্যর্থ ইনিংস যোগ হয়েছে। গ্রুপ পর্বে শান্তর চার ইনিংস—৭, ১৪, ১ ও ৪। সব মিলিয়ে এ বাঁহাতি ব্যাটারের রান ২৬।

দলে বিপর্যয়ে দায়িত্ব নিতে পারেননি লিটনও। ভালো শুরুর ইঙ্গিত দিয়েও বড় করতে পারেননি ইনিংস। কামির করা পঞ্চম ওভারে অপ্রয়োজনীয় শটে বল তুলে দেন বেশ ওপরে। সহজেই বল হাতে জমা করেন নেপালের উইকেটকিপার আসিফ শেখ। ১২ বলে ১০ রান এসেছে লিটনের ব্যাট থেকে।

সাকিব আউট হন সর্বোচ্চ ১৭ রানে। ভালো শুরুর পর সাকিবের ভুল কলে আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ (১৩)।

জাকের আলী করেন ১২ রান এবং শেষ দিকে রিশাদ হোসেনের ব্যাট থেকে আসে ৭ বলে ১৩ রান, এবং তাসকিন আহমেদ অপরাজিত ছিলেন ১২ রানে।

১৯.৩ ওভারে বাংলাদেশ অলআউট হয় ১০৬ রানে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.