Sylhet Today 24 PRINT

জয়ে শুরু রোনালদোর ইউরো মিশন

স্পোর্টস ডেস্ক |  ১৯ জুন, ২০২৪

ক্রিস্টিয়ানো রোনালদোর ষষ্ঠ ইউরো অভিযান জয় দিয়েই শুরু হলো।

বাছাইপর্বে প্রতি ম্যাচ জেতা পর্তুগাল মূল পর্বে ফেভারিট, সেটা অবশ্য দেখা মিলেছে প্রথম ম্যাচে। তবে যতটা সহজ ভাবা হচ্ছিল ম্যাচটা ঠিক ততটা হয়নি। চেকিয়ার (চেক প্রজাতন্ত্র) বিপক্ষে পর্তুগাল ম্যাচ জিতেছে শেষ মুহূর্তের গোলে।

লাইপজিগে রোনালদোর দলের জয় ২-১ গোলে। ম্যাচে আগে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল পর্তুগাল, তারপর সেই গোল শোধ করলেও একটা দীর্ঘ সময় মনে হচ্ছিল এই ম্যাচ থেকে ১ পয়েন্টের বেশি পাবে না তারা।

তবে যোগ হওয়া সময়ে ফ্রান্সিসকো কনসেইসাওয়ের গোলে শেষ পর্যন্ত নাটকীয় এক জয় নিয়ে মাঠ ছাড়েন রোনালদোরা।

বাছাইপর্বের সবগুলো ম্যাচ জিতে ইউরোতে খেলছে পর্তুগাল। খুব স্বাভাবিকভাবেই দলটাকে নিয়ে এবার সমর্থকদের প্রত্যশা অনেক বেশি। হতে পারে এটা রোনালদোর শেষ ইউরো। শেষটা নিশ্চয়ই রাঙিয়ে যেতে চাইবেন তিনিও। তবে প্রথম ম্যাচে রোনালদো বা পর্তুগাল, মন ভরানোর মতো খেলতে পারেনি কেউ।

চেক প্রজাতন্ত্র অবশ্য ম্যাচের বেশিরভাগ সময়ই নিজেদের অর্ধে রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল। সেই কাজটা তারা করেছেও বেশ ভালোভাবে। বরং ৬২ মিনিটে লুকাস প্রোভডের দারুণ এক শটে তারা পর্তুগালকে স্তব্ধ করে দেয়, এগিয়ে যায় ১-০ গোলে।

চেকের উছ্বাস অবশ্য খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিনিট সাতেক পরেই পর্তুগালের নুনো মেন্ডেসের হেড ঝাপিয়ে পড়ে ঠেকান চেক গোলরক্ষক জিন্দ্রিচ স্টানেক। তবে বলটা নিজের নিয়ন্ত্রণে নিতে পারেননি তিনি।সামনে থাকা চেক ডিফেন্ডার রবিন হ্রানাচের গায়ে লেগে বল ঢুকে যায় চেকের জালেই।

নির্ধারিত ৯০ মিনিটের শেষ দিকে দিয়েগো জোতার চেকের জালে বল পাঠালেও রোনালদো অফসাইড থাকায় বাতিল হয়ে যায় সেই গোল। তারপর যোগ হওয়া সময়ে কনসেইসাওয়ের সেই গোল।

এদিন খেলতে নেমেই ইউরর ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হয়ে গেছেন ৪১ বছর ১১৩ দিন বয়সী পেপে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.