Sylhet Today 24 PRINT

টানা দুই জয়ে ইউরোর নকআউট পর্বে জার্মানি

স্পোর্টস ডেস্ক |  ২০ জুন, ২০২৪

টানা দুই জয়ে ইউরোর নকআউট পর্বে উঠেছে জার্মানি। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ৫–১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে হাঙ্গেরিকে হারিয়েছে তারা ২-০ গোলে।

বুধবার গ্রুপ ‘এ’র ম্যাচে জার্মানির জয়ে গোল করেছেন অ্যাটাকিং মিডফিল্ডার জামাল মুসিয়ালা ও অধিনায়ক ইলকাই গুন্দোয়ান। হাঙ্গেরি অবশ্য শেষ পর্যন্ত চেষ্টা করেছে ম্যাচে ফেরার। কিন্তু ফিনিশিং ব্যর্থতা ও রক্ষণের ভুলের মূল্য দিতে হয়েছে তাদের।

জার্মানির প্রথম গোল আসে ম্যাচের ২২তম মিনিটে। গুন্দোয়ানের সহায়তায় গোল করেন মুসিয়ালা।

এরআগে অবশ্য ম্যাচের প্রথম মিনিটেই গোলের সুযোগ আসে হাঙ্গেরির। গোলরক্ষক ম্যানুয়াল নয়্যারের দৃঢ়তায় অল্পের জন্য সে যাত্রায় বেঁচে যায় স্বাগতিকরা। ফের সুযোগ আসে হাঙ্গেরির ষষ্ঠ মিনিটে, এবারও ব্যর্থ হয় তারা।

একাদশ মিনিটে জার্মানিকে এগিয়ে দেওয়ার দরুণ একটি সুযোগ আসে কাই হাভার্টজের সামনে। তবে গোলরক্ষককে একা পেয়েও শেষ পর্যন্ত গোল আদায় করতে পারেননি আর্সেনাল তারকা। একটু পর বায়ার লেভারকুসেন তারকা রবার্ট এনড্রিচের প্রচেষ্টা ব্যর্থ হয় হাঙ্গেরির রক্ষণ দৃঢ়তায়।

লিভারপুল মিডফিল্ডার ডমিনিক সোবোসলাইয়ের ফ্রি–কিক থেকে নেওয়া দুর্দান্ত শটটি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন অভিজ্ঞ নয়্যার। সমতায় ফেরা হয়নি হাঙ্গেরির।

২৯ মিনিটে আবারও আক্রমণে যায় হাঙ্গেরি। এবার সোবোসলাইয়ের শট ঠেকান জোনাথন টা। প্রথমার্ধের যোগ করা সময়ে জার্মানির জালে ঠিকই বল জড়ায় হাঙ্গেরি, তবে অফসাইডের ফাঁদে বাতিল হয় সে গোল।

ম্যাচের ৬৭তম মিনিটে দারুণ এক দলীয় আক্রমণ থেকে গোল করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন জার্মান অধিনায়ক ইলকাই গুন্দোয়ান। দুই গোলে পিছিয়ে যাওয়ার পরও অবশ্য হাঙ্গেরি চেষ্টা করেছে ম্যাচে ফেরার। কিন্তু জার্মানির রক্ষণ দেয়ালকে ভাঙতে পারেনি তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.