Sylhet Today 24 PRINT

জয়ে শুরু আর্জেন্টিনার কোপা আমেরিকা

স্পোর্টস ডেস্ক |  ২১ জুন, ২০২৪

শুক্রবার বাংলাদেশ সময় ভোরে কানাডার বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়নরা জয় পায় ২-০ গোলে।

অবশেষে সবশেষ অর্ধ-যুগে বৈশ্বিক বা মহাদেশীয় কোনো টুর্নামেন্টে প্রথম ম্যাচে জয় না পাওয়ার অভিশাপ থেকে মুক্তি পেল আর্জেন্টিনা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর ২০১৯ ও ২০২১ কোপার আসর এবং ফের ২০২২ বিশ্বকাপ, এই চার টুর্নামেন্টে নিজেদের শুরু ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি আলবিসেলেস্তেরা। তবে অর্ধযুগ পর এবারের কোপায় এসে কাটল সেই খরা। কানাডার বিপক্ষে ২-০ ব্যবধানের জয় দিয়েই শিরোপা ধরে রাখার মিশন শুরু করল মেসি-ডি মারিয়ারা।

জর্জিয়ার মার্সিডিজ-বেনজ স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর গোল দুটিই এসেছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। গোলের স্কোরশিটে নাম দুটি হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেসে।

ম্যাচে গোল না পেলেও গোলের সুযোগ তৈরি করেছেন মেসি, করেছেন গোল-মিসও। তবে কোপা আমেরিকায় এটি ছিল তার ৩৫তম ম্যাচ, যা টুর্নামেন্টের ইতিহাসে কোনো ফুটবলারের সর্বোচ্চ।

ফিফা র‍্যাঙ্কিংয়ের ৪৮তম দল কানাডার এই ম্যাচের মাধ্যমে এই টুর্নামেন্টে অভিষেক হয়।

দ্বিতীয়ার্ধে ৪৯তম মিনিটে মেসির নিখুঁত এক পাস ধরে ডি-বক্সে ঢুকে পড়েন আলেক্সিস মাক আলিস্টার। সেখানে প্রতিপক্ষ দলের গোলরক্ষক বাঁধা সৃষ্টি করতে এগিয়ে এলে এই লিভারপুল মিডফিল্ডার বল বাড়িয়ে দেন আলভারেসের উদ্দেশ্যে এবং সেটি সহজেই জালের ঠিকানায় পৌঁছে দেন তিনি।

এদিকে মিনিট নয়েক পর ব্যবধান দ্বিগুণের দারুণ এক সুযোগ পেয়েছিলেন মেসি। তবে ডিফেন্ডার কর্ণেলিয়াসের নৈপুণ্যে সেখানে জালের দেখা পাননি এই আর্জেন্টাইন তারকা।

৬৬তম মিনিটের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি মেসি। ড্রিবল করে ডি-বক্সে ঢুকে পড়া মেসির সামনে তখন কেবল কানাডা গোলরক্ষক ম্যাক্সিমে ক্রেপিয়াও। সেখানে মেসির প্রথম শট ঠেকিয়ে দেন তিনি। তবে ফিরতি বল যায় মেসির কাছেই। ততক্ষণে রক্ষণে হাজির সেই কর্ণেলিয়াস এবং মেসির এবারের শট ফেরে তার গায়ে লেগেই।

৮৮তম মিনিটে মেসির পাস থেকে কোনো ভুল না করে বল জালের ঠিকানায় পৌঁছে দেন লাউতারো এবং শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির দল।

কোপায় মেসিদের পরের ম্যাচ আগামী ২৬ জুন, চিলির বিপক্ষে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.