Sylhet Today 24 PRINT

ব্রাজিলকে রুখে দিল কোস্টা রিকা

স্পোর্টস ডেস্ক |  ২৫ জুন, ২০২৪

কোপা আমেরিকা টুর্নামেন্টে প্রথম ম্যাচে হোঁচট খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে কোস্টা রিকার সঙ্গে অনুষ্ঠিত ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্রয়ে।

পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণ ও গোলমুখে বারবার হানা দিলেও গোল করতে পারেনি দরিভাল জুনিয়রের দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল। তাতে সপ্তম মিনিটে ভালো সুযোগ পেয়েছিলেন রাফিনহা। কিন্তু দানিলোর ক্রসে ছয় গজ বক্স থেকে নেওয়া তার শট রুখে দেন কোস্টা রিকা গোলরক্ষক।

দ্বাদশ মিনিটে মিস করেন রদ্রিগো। তার শট ডানপাশের বক্সে ঘেষে বাইরে চলে যায়। এরপর ১৬ ও ২২তম মিনিটে দুটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি লুকাস পাকেতা। ২৬তম মিনিটে আবারও মিস করেন তিনি।

৩০তম মিনিটে গোল পেয়েই গিয়েছিল ব্রাজিল। মার্কোনিয়স গোল করে উল্লাসেও মেতে উঠেছিলেন। তবে তাকে হতাশ করে দেয় ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি)। তাতে দেখা যায়, ব্রাজিলিয়ান তারকা অফসাইডে ছিলেন। ফলে হতাশ হতে হয় দরিভালের দলকে।

এরপর ৪২তম মিনিটে পাকেতা আরেকটি সুযোগ মিস করলে গোল না পাওয়ার হতাশা নিয়েই বিরতিতে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধেও একই ধারা বজায় রেখেছে দরিভালের দল। প্রতিপক্ষের জালই খুঁজে পায়নি তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.