Sylhet Today 24 PRINT

জর্জিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

স্পোর্টস ডেস্ক |  ০১ জুলাই, ২০২৪

শুরুতে আত্মঘাতী গোলে পিছিয়ে যাওয়া স্পেন একের পর এক গোলে প্রতিপক্ষকে ভাসিয়ে উঠেছে কোয়ার্টার ফাইনালে।

রোববার রাতে কোলনে ৪-১ গোলে জর্জিয়াকে হারিয়েছে স্পেন।

রদ্রির গোলে প্রথমার্ধেই সমতা ফেরানোর পর দ্বিতীয়ার্ধে বাকি তিন গোল করেন ফাবিয়ান রুইস, নিকো উইলিয়ামস ও দানি ওলমো।

ম্যাচের শুরু থেকে বলের নিয়ন্ত্রণ নেওয় স্পেন এগিয়ে যেতে পারত প্রথমে। পঞ্চম মিনিটে দারুণ সুযোগও পেয়ে যায় তারা। ডান দিক থেকে ছয় গজ বক্সের মুখে বল বাড়ান দানি কারভাহাল। ছুটে এসে স্লাইডে চেষ্টা করেন পেদ্রি; কিন্তু যথেষ্ট জোরে শট নিতে পারেননি তিনি। সহজেই বল নিয়ন্ত্রণে নেন গোলরক্ষক।

১৮ মিনিটে প্রথম প্রতি-আক্রমণ শাণায় জর্জিয়া এবং তা থেকেই এগিয়ে যায় দলটি। ডান দিক থেকে বক্সে সতীর্থকে খুঁজে নিতে দারুণ নিচু ক্রস বাড়ান কাকাবাদজে। পেছনে প্রতিপক্ষের স্ট্রাইকারের কাছে বল যাওয়া রুখতে হাঁটু দিয়ে বল আটকানোর চেষ্টা করেন স্প্যানিশ ডিফেন্ডার রবিন লে নরম্যান্ড; কিন্তু বল গোলরক্ষককে ফাঁকি দিয়ে চলে যায় জালে।

উইলিয়ামসের কাটব্যাক থেকে রদ্রি সমতা ফেরান ম্যাচের ৩৯ মিনিটে। ৫১ মিনিটে ইয়ামালের ক্রস থেকে স্পেনকে এগিয়ে দেওয়া গোলটা করেন রুইস। ৭৫ মিনিটে স্পেনের এর পরের গোলটার পাস বাড়িয়েছেন রুইস নিজেই, এবার গোলদাতা উইলিয়ামস। আর ম্যাচের ৮৩ মিনিটে মিকেল ওইয়ারসাবালের পাস থেকে ৪-১ করেন দানি ওলমো।

আগামী ৫ জুলাই কোয়ার্টার ফাইনালে স্পেন খেলবে স্বাগতিক জার্মানির বিপক্ষে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.