Sylhet Today 24 PRINT

দুরন্ত কামব্যাকে তুরস্ককে হারিয়ে সেমিতে নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক |  ০৭ জুলাই, ২০২৪

ঘুরে দাঁড়িয়ে তুরস্ককে হারিয়ে ২০ বছর পর সেমিফাইনালে নেদারল্যান্ডস

প্রথমার্ধে গোল করে সেমিফাইনালের স্বপ্নে বিভোর যখন তুরস্ক, তখন ছয় মিনিটের এক ঝড়ে সে স্বপন চূর্ণ হয়ে গেছে তাদের। দুরন্ত কামব্যাকে তুরস্ককে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে নেদারল্যান্ডস।

বার্লিনে কোয়ার্টার ফাইনালে ডাচরা জিতেছে ২-১ গোলে। এই জয়ে দুই দশক পর ইউরোর সেমিফাইনালে উঠেছে নেদারল্যান্ডস। সর্বশেষ ২০০৪ ইউরোয় সেমিফাইনালে খেলেছিল ডাচরা।

প্রথমার্ধে চাপ বিস্তার করে খেলে ৩৫ মিনিটে এগিয়ে গিয়েছিল তুরস্ক। কিন্তু ৭০ ও ৭৬ মিনিটে দুটি গোল হজম করে ম্যাচে আর ফেরা হয়নি আরদা গুলেরদের।

ম্যাচের ৩৫তম মিনিটে তুর্কি সেন্টার-ব্যাক সামিত আকায়দিনের হেডে করা গোলে এগিয়ে যায় তুরস্ক। তবে গোলটিতে জড়িয়ে আছে আলদা গুলেরের ক্রসটি মনে রাখার মতো। কর্নার থেকে ডাচদের রক্ষণ বলটি ভালোভাবে ক্লিয়ার করতে পারেনি। গুলের ফিরতি বলে নিখুঁত শট নেন ডাচদের রক্ষণে এক গুচ্ছ তুর্কি জার্সি তাক করে। বল সামিতের একদম মাথায় এসে পড়ল! সেখান থেকে গোল।

গোল খেয়ে ডাচরা আক্রমণের পর আক্রমণ করতে থাকে। ফল আসে এক পর্যায়ে। ৭০তম মিনিটে মেম্ফিস ডিপাই কর্নার থেকে ওয়ান-টু খেলে বক্সে ক্রস ফেলেন। সম্পূর্ণ আনমার্কড থেকে হেডে গোল করেন ডাচ সেন্টার-ব্যাক স্তেফান দে ফ্রাই।

ছয় মিনিটের মধ্যে দ্বিতীয় গোলটি পেয়েছে নেদারল্যান্ডস। আর সেটি আত্মঘাতী গোল! ৭৬ মিনিটে ডেনজেল ডামফ্রিজ ডান প্রান্ত থেকে ক্রস করেছিলেন। তুর্কি রাইট-ব্যাক মের্ত মুলডুর ডাচ তারকা কোডি গাকপোর কাছ থেকে বলটি ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়েছেন। চলতি ইউরোয় এটি ১০ম আত্মঘাতী গোল।

বুধবার ডর্টমুন্ডে সেমিফাইনালে ডাচদের প্রতিপক্ষ ইংল্যান্ড।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.