স্পোর্টস ডেস্ক | ১১ জুলাই, ২০২৪
উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া।
বৃহস্পতিবার উত্তর ক্যারোলিনার ব্যাংক অব ক্যারোলিনা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে ১-০ গোলে হারায় কলম্বিয়া।
ম্যাচের প্রথম ১৬ মিনিট পর্যন্ত কলম্বিয়া বেশ কয়েকবার আক্রমণে গেছে। প্রথমার্ধে তাদের ৩টি শটের কোনটিই অবশ্য অনটার্গেটে ছিল না। প্রথমবার জন আরিয়াসের শট চলে যায় পোস্টের অনেক উপর দিয়ে। দ্বিতীয়বার লুইস ডিয়াজের উড়িয়ে মারা বলে ড্যানিয়েল মুনজ হেড দিলেও লক্ষ্যে থাকেনি।
এরপর সুযোগ নষ্টের তালিকায় নাম লেখান ডারউইন নুনেজ। তাতে অল্পের জন্য এগিয়ে যেতে পারেনি উরুগুয়ে। ২২ ও ২৮ মিনিটে আরও দুটি সুযোগ হাতছাড়া করেন নুনেজ।
৩৯ মিনিটে কর্নার কিক পায় কলম্বিয়া। শট নেন জেমস রদ্রিগেজ। তার শটে লাফিয়ে হেড করেন জেফারসন লেমার। দারুণভাবে বল যায় উরুগুয়ের জালে। ১-০ গোলে এগিয়ে যায় কলম্বিয়া।
গোল পেলেও কলম্বিয়ার জন্য প্রথমার্ধটা সুখকর হয়নি। মুনজ প্রতিপক্ষের এক খেলোয়াড়কে কনুই দিয়ে আঘাত করলে রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান। ৩১ মিনিটে আরও একবার হলুদ কার্ড দেখেছিলেন তিনি। তাতে বিরতিতে যাওয়ার আগমুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে, কলম্বিয়া হয়ে যায় ১০ জনের দল।
দ্বিতীয়ার্ধে ১০ জনের দলের সাথেও পেরে ওঠেনি উরুগুয়ে। বেশ কয়েকবার আক্রমণে গোলে দেখা পায়নি গোলের। প্রথম গোল পেয়ে যাওয়ার পর নিজেদের জাল আগলে খেলার চেষ্টা করে কলম্বিয়া। শেষপর্যন্ত জয় নিয়ে প্রতিযোগিতায় তৃতীয়বার ফাইনালে উঠে যায় তারা।
এই জয়ে কলম্বিয়া ২৩ বছর পর মহাদেশীয় টুর্নামেন্টটির ফাইনালে উঠল। সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া।