Sylhet Today 24 PRINT

ক্রিকেটে পাপন-যুগের সমাপ্তি

সিলেটটুডে ডেস্ক |  ২১ আগস্ট, ২০২৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নাজমুল হাসান পাপন–যুগের সমাপ্তি ঘটেছে।

বুধবার (২১ আগস্ট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে হয়ে যাওয়া বিসিবির পরিচালনা পর্ষদের সভায় মেইলের মাধ্যমে নাজমুল হাসান পদত্যাগ করেন।

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ হয়েছেন নতুন বোর্ড সভাপতি।

২০১২ সালে সরকার–মনোনীত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিয়েছিলেন নাজমুল হাসান। ২০১৩ সালের অক্টোবরে হন নির্বাচিত সভাপতি। সেই থেকে নাজমুলই তিন মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্বপালন করেছেন। আগামী বছরের অক্টোবরে শেষ হওয়ার কথা ছিল নাজমুল হাসানের পরিচালনা পর্ষদের মেয়াদ। দেশের রাজনৈতিক পটপরিবর্তনে তার আগেই সরে দাঁড়ালেন তিনি।

এর আগে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন জালাল ইউনুস। বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত এই পরিচালক ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বে ছিলেন। এনএসসি থেকেই তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল।

এনএসসি থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল সংস্থাটির মনোনীত বিসিবির আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকেও। কিন্তু তিনি এখনো পদত্যাগ করেননি।

জালাল ইউনুসের শূন্য পদে ফারুক আহমেদকে পরিচালক হিসেবে আনা হয়। এরপর পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি নির্বাচন করা হয় তাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.