Sylhet Today 24 PRINT

সাকিবকে দল থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে আইনি নোটিস

সিলেটটুডে ডেস্ক |  ২৪ আগস্ট, ২০২৪

গার্মেন্টসকর্মী হত্যা মামলার আসামি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে দল থেকে অপসারণ করতে লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃপক্ষকে এ লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে। একই সঙ্গে হত্যা মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে নোটিসে।

শনিবার (২৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এ নোটিস পাঠান।

ব্যারিস্টার সজীব মাহমুদ আলম বলেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে, তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন।

গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ২২ আগস্ট ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলায় দায়ের হয়েছে। সাকিব আল হাসানকে মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে।

এছাড়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আরও ১৫৬ জনকে আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহয্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছুড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ৭ আগস্ট মারা যান।

জানা যায়, যে দিনের ঘটনার কথা উল্লেখ্য করে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। সে সময় তিনি দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত ছিলেন। যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি লিগ মেজর লিগ টি-টোয়েন্টি খেলে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলছিলেন তিনি। কোটা আন্দোলন ও পরে বৈষম্যবিরোধী আন্দোলনের সূত্র ধরে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পুরো সময়টা দেশের বাইরেই ছিলেন সাকিব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.