Sylhet Today 24 PRINT

ভিনি-এমবাপের গোলে রিয়াল মাদ্রিদের জয়

স্পোর্টস ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০২৪

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়র ও কিলিয়ান এমবাপের জোড়া পেনাল্টিতে কাঙ্ক্ষিত তিন পয়েন্ট অর্জন করে কার্লো আনচেলত্তির দল।

ম্যাচ হারলেও গোল পেতে পারত সোসিয়েদাদও। তাদের তিনটি শট ফিরে আসে গোল পোস্টে লেগে। আবার একাধিক গোলের সুযোগ নষ্ট করেন এমবাপে। অবশেষে ৫৮ মিনিটে গোলের দেখা পায় রিয়াল। পেনাল্টি থেকে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র।

৭৫ মিনিটে প্রতিপক্ষের বক্সে ফাউলের শিকার হন ভিনি। আবারও পেনাল্টি পায় স্প্যানিশ জায়ান্টরা। এবার পেনাল্টি শট নেন এমবাপে। সফল স্পট কিকে দলকে ২-০ গোলে এগিয়ে নেন তিনি।

ম্যাচ শেষে নিজের অসন্তুষ্টির কথা জানান রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তার মতে এ জয় তাদের প্রাপ্য নয়। ইতালিয়ান এ কোচ বলেন, ‘এই ম্যাচটা কঠিন ছিল। সম্ভবত জয়টা আমাদের প্রাপ্য ছিল না। কারণ, রিয়াল সোসিয়েদাদ খুবই ভালো খেলেছে। আমরা শুরুটা ভালো করতে পারিনি। তারা খুব ভালো প্রেস করে খেলেছে।’

এমবাপে প্রসঙ্গে তিনি বলেন, ‘সে খুবই বিপজ্জনক এবং ভিনিসিয়াস ও স্ট্রাইকারদের সঙ্গে তার বোঝাপড়াও খুব ভালো হচ্ছে। সে অনেক উন্নতি করছে। আমি তার খেলা অনেক পছন্দ করেছি।’

এ জয়ে ৫ ম্যাচে ৩ জয় ও ২ ড্রতে ১১ পয়েন্ট পেয়েছে রিয়াল মাদ্রিদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.