স্পোর্টস ডেস্ক | ২১ সেপ্টেম্বর, ২০২৪
পেশাদার ফুটবল ক্যারিয়ারে ৯০০ গোলের পর ক্রিশ্চিয়ানো রোনালদো হাজার গোল করার লক্ষ্যের কথা জানিয়েছিলেন। বয়স তার ৪০ ছুঁই ছুঁই, এবং এই বয়সে হাজার গোল করা প্রায় অসম্ভব। তবে নামটা রোনালদো বলেই কিনা গোল বাড়ছে তার প্রতি ম্যাচেই! কাল রাতেও করলেন আরও এক গোল, আর এতে রোনালদোর গোল সংখ্যা ৯০২; হাজার গোল থেকে দূরত্ব কমে এসেছে ৯৮-এ!
আল ইত্তিফাকের মাঠে রোনালদোর দল আল নাসর জিতেছে ৩-০ গোলে। রোনালদো এক গোল করেছেন, বাকি দুই গোল এসেছে সালেম–আল নাজদি ও তালিসকার কাছ থেকে।
ব্যর্থতার দায়ে কদিন আগেই পর্তুগিজ কোচ লুইস কাস্ত্রোকে ছাঁটাই করে আল নাসর। গুঞ্জন আছে, বাজে পারফরম্যান্সের পাশাপাশি কাস্ত্রোর ওপর আস্থা হারিয়েছেন রোনালদো নিজেও। যে কারণে তাকে সরিয়ে এসি মিলানকে সিরি আ জেতানো পিওলিকে নিয়ে আসে আল নাসর। গোল করে নতুন কোচ স্টেফানো পিওলির অভিষেক রাঙালেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
আর নতুন দায়িত্ব নিয়ে শুরুটাও দারুণভাবে করলেন ইতালিয়ান এ কোচ। তার অভিষেকের রাতে ৩৩ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের প্রথম গোলটি করেন রোনালদো, যেটি এ মৌসুমে প্রো লিগে তার তৃতীয় গোল। আর সব মিলিয়ে জাতীয় দল ও দেশের হয়ে এ মৌসুমে রোনালদোর গোল ৮ ম্যাচে ৭টি। সঙ্গে আছে দুটি অ্যাসিস্টও।
এদিকে নিজের গোল ও দলের জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন রোনালদো। নিজের এবং দলের উদ্যাপনের একাধিক ছবি দিয়ে রোনালদো ক্যাপশনে লিখেছেন, ‘দারুণ দলীয় প্রচেষ্টা! আজ রাতের জয়টি অনেক বড়। এটি ভক্তদের জন্য।’
এদিন গোল করে গ্যালারিতে থাকা ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রকে উদ্দেশ করে তিন আঙুল দেখিয়েও আলোচনায় এসেছেন রোনালদো। এই ম্যাচের আগে আল নাসরের বয়সভিত্তিক দলের হয়ে জোড়া গোল করেন ক্রিশ্চিয়ানো জুনিয়র।
আর পরে বাবা রোনালদোও করলেন এক গোল। একই দিনে বাবা–ছেলের করা তিন গোলের কথা মনে করিয়ে দিতেই ছেলের উদ্দেশে রোনালদোর এই আঙুল উঁচিয়ে দেখানো। রোনালদোর এমন কাণ্ডে গ্যালারিতে বসে হাসতে দেখা যায় জুনিয়র রোনালদোকে।