স্পোর্টস ডেস্ক | ২২ সেপ্টেম্বর, ২০২৪
নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানের জুটি বাংলাদেশের রান নিয়ে গিয়েছিল ৪ উইকেটে ১৯৪ রান পর্যন্ত। সেখান থেকে আর ৪০ রান যোগ করতেই নেই বাকি ৬ উইকেট। ফলে চেন্নাই টেস্টে সফরকারীদের হারল ২৮০ রানে।
প্রথম ঘণ্টায় উইকেট না হারানো বাংলাদেশ পানি পানের বিরতির পর এসে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ঘূর্ণির সামনে আর টিকে থাকতে পারেনি। ২৩৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেছেন নাজমুল। এই রান তিনি করেছেন ১২৭ বলে। মেরেছেন ৮টি চার ও ৩টি ছয়।
ভারতের পক্ষে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন অশ্বিন। জাদেজা নিয়েছেন ৩ উইকেট, বুমরাহ একটি।
চেন্নাই টেস্টের চতুর্থ দিনের প্রথম ঘণ্টাটি বাংলাদেশের করে দিয়েছিলেন সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু পানি পানের বিরতির পরেই আউট হয়ে গেলেন সাকিব। দিনে প্রথমবারের মতো আক্রমণে এসেই রবিচন্দ্রন অশ্বিন সাজঘরে ফেরালেন সাকিবকে। তার চতুর্থ বলটি সোজা ব্যাটে ঠেকিয়েছিলেন সাকিব। কিন্তু ব্যাটের ওপরের অংশে লেগে প্যাড ছুঁয়ে চলে যায় জয়সোয়ালের হাতে। আউট হওয়ার আগে ৫৬ বলে ৩ চারে ২৫ রান করেছেন সাকিব।
সাকিবের উইকেট হারানোর পর ক্রিজে আসেন লিটন দাস। কিন্তু এই উইকেটকিপার ব্যাটারও স্থায়ী হতে পারলেন না। রবীন্দ্র জাদেজা ফিরিয়েছেন তাকে। ফুলার লেংথের ডেলিভারিতে লিটনকে সামনে টেনে আনছিলেন জাদেজা। ওভারের চতুর্থ বলটাও তেমনই করেছিলেন। লিটন একটু সামনে এসে খেলতে গিয়ে বল ঠিকভাবে ব্যাটে পাননি। বল ব্যাটে হালকা ছোঁয়া দিয়ে চলে যায় স্লিপে রোহিত শর্মার হাতে। ১০ বল খেলে ১ রানই করতে পেরেছেন লিটন। লিটনের আউট বাংলাদেশের রান ৬ উইকেটে ২০৫। নাজমুলের সঙ্গে জুটি বাঁধতে উইকেটে এসেছেন মেহেদী হাসান মিরাজ।