স্পোর্টস ডেস্ক | ২২ সেপ্টেম্বর, ২০২৪
রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক হওয়ার পর শুরুর দিকে গোল করতে না পারায় হয়েছিলেন অনেক সমালোচনার শিকার। তবে সেসব সমালোচনার এখন কড়া জবাব দিচ্ছেন কিলিয়ান এমবাপে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে টানা ৪ ম্যাচে করেছেন গোল। ৪ ম্যাচে তার নামের পাশে এখন ৫ গোল।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে এস্পানিওলের বিপক্ষে রিয়াল জিতেছে ৪–১ ব্যবধানে। সে ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছেন এমবাপে।
এ জয়ে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল রিয়াল। যেখানে রয়েছে ২৮ জয় ও ১০ ড্র।
১৯৭৯-৮০ সালে পর্যন্ত রিয়াল সোসিয়েদাদ লিগে মোট ৩৮ ম্যাচ অপরাজিত ছিল, যেখানে তাদের জয় ছিল ২২টি আর ড্র ছিল ১৬টি। গতরাতে তাদের রেকর্ড স্পর্শ করেছে রিয়াল মাদ্রিদ। তবে স্পেনে টানা অপরাজিত থাকার রেকর্ডটা বার্সেলোনার দখলে। ২০১৭-১৮ মৌসুমে ৪৩ ম্যাচ অপরাজিত ছিল দলটি ৩৪ জয় ও ৯ ড্র নিয়ে।
রেকর্ড গড়া এই জয়ে প্রথমার্ধে গোলের দেখা পায়নি লস ব্লাঙ্কোসরা। উল্টো গোল হজম করতে হয়েছে দ্বিতীয়ার্ধে। থিবু কর্তোয়ার পায়ে লেগে বল জালে জড়ালে এগিয়ে যায় এস্পানিওল।
দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে সেই গোলের শোধ দেয় রিয়াল কারভাহালের গোলে। রদ্রিগো রিয়ালের হয়ে দ্বিতীয় গোলটি করেন ৭৫ মিনিটে। ৩ মিনিট পর গোলের দেখা পান ভিনিসিয়াসও। আর সবশেষ গোলটা পেনাল্টি থেকে করেন এমবাপে। ৯০ মিনিটে করেন তিনি গোল।
এ জয়ে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে সবার উপরে বার্সা।