Sylhet Today 24 PRINT

সাকিব আল হাসানের অবসরের ঘোষণা

সিলেটটুডে ডেস্ক |  ২৬ সেপ্টেম্বর, ২০২৪

অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলেই এই ফরম্যাট থেকে অবসরে যাবেন সাকিব আল হাসান।

ভারতের কানপুরে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে অনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি।

এ সময় তিনি আরও জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপই ছিল এ সংস্করণে তার শেষ ম্যাচ। তবে ওয়ানডে খেলে যাবেন। পাকিস্তান হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে যাবেন সাকিব।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে অবসরের কথা জানিয়ে সাকিব বলেন, ‘আমার মনে হয় টি-টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি। মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট।’

আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসার কথা দক্ষিণ আফ্রিকার। সময় সূচি নির্ধারিত না হলেও অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা এই সিরিজ। ফলে ঘরের মাঠ থেকে অবসরে যাচ্ছেন দেশের ক্রিকেটের পোস্টার বয়।

সাকিবের ঘোষণা অনুযায়ী এরই মধ্যে জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষের ম্যাচটি ছিল তার শেষ ম্যাচ।

২০০৬ সালে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের ইতিহাসের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ। সে ম্যাচে সাক্ষী হয়েছিলেন সাকিব। অভিষেক ম্যাচেই ব্যাট হাতে ২৬ রান করার পাশাপাশি বল হাতে নেন ১ উইকেট।

এরপর অংশ গ্রহণ করেন টানা ৯টি বিশ্বকাপে। রোহিত শর্মার সঙ্গে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এ পর্যন্ত আয়োজিত সবগুলো বিশ্বকাপের অংশ গ্রহণ করা দ্বিতীয় ক্রিকেটার তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.