Sylhet Today 24 PRINT

এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও রোনালদোর গোলে দলের জয়

স্পোর্টস ডেস্ক |  ০১ অক্টোবর, ২০২৪

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও বেশ কার্যকরী, ক্রিশ্চিয়ানো রোনালদো সেটা গেল মৌসুমেই বুঝিয়ে দিয়েছেন। বোঝাচ্ছেন এবারও। আগের ম্যাচে তিনি ছিলেন না আল নাসরের স্কোয়াডে, দলও জিততে পারেনি।

এক ম্যাচ বাদে তিনি মাঠে ফিরলেন দলের জার্সি গায়ে। দলও খেলল দারুণ ফুটবল। তিনি নিজে করলেন গোল, তাতে আল নাসর ২-১ গোলে হারাল কাতারের আল রাইয়ানকে।

নিজেদের মাঠে আল নাসরকে গতকাল এগিয়ে দিয়েছিলেন সাদিও মানে। সাবেক লিভারপুল ফরোয়ার্ড গোলটা করেন ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে। সুলতান আল গানামের পাস থেকে গোলটা করেন তিনি।

এরপরই আসে রোনালদোর পালা। দ্বিতীয়ার্ধের শুরুতে রোনালদো গোল পেতে পেতেও শেষমেশ পাননি অফসাইডের কাটায়। সে আক্ষেপটা তিনি ঘোচান ৭৬ মিনিটে গিয়ে। আবদুলরাহমান গারিবের পাস থেকে বাম পায়ের দারুণ এক শটে গোল করেন তিনি।

শেষ দিকে আল নাসর একটা গোল হজম করে। আল রাইয়ানকে ম্যাচে ফেরান রজার গুয়েদেজ। তবে শেষমেশ এক গোলের লিড ধরে রাখে আল নাসর। মাঠ ছাড়ে ২-১ গোলের দারুণ জয় নিয়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.