স্পোর্টস ডেস্ক | ০৬ অক্টোবর, ২০২৪
চ্যাম্পিয়ন্স লিগে লিলের বিপক্ষে হেরে চাপে পড়েছিল রিয়াল মাদ্রিদ। অন্য প্রতিযোগিতা তবু ছিল চাপ, সেই চাপ উৎরে গেছে কার্লো আনচেলত্তির দল। ভিয়ারিয়ালের ম্যাচে জয় পেয়েছে তারা।
সান্তিয়াগো বার্নাব্যুতে কাল রাতে ফেদে ভালভের্দে ও ভিনিসিয়াস জুনিয়রের গোলে ম্যাচটি রিয়াল জিতেছে ২–০ ব্যবধানে।
জয়ে ফিরেও অবশ্য স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারেনি কার্লো আনচেলত্তির দল। এই ম্যাচেই যে চোটে পড়েছেন দলের ডিফেন্ডার দানি কারভাহাল। মৌসুমের এই সময়ে দলের অন্যতম সেরা খেলোয়াড়ের চোটে পড়া নিশ্চিতভাবেই কপালের ভাঁজ বাড়াবে রিয়াল কোচ কার্লো আনচেলত্তির।
বার্নাব্যুতে দাপুটে শুরু করা রিয়ালের এগিয়ে যায় ম্যাচের ১৪ মিনিট। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ভালভের্দে। এর ফলে ২০২২ সালের জানুয়ারির পর বক্সের বাইরে থেকে শট নিয়ে সবচেয়ে বেশি গোল করা ফুটবলার হলেন ভালভের্দে (৮)। ৭ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন আঁতোয়ান গ্রিজমান ও ইয়াগো আসপাস।
শুরুতে পিছিয়ে পড়লেও ভিয়ারিয়াল সমান তালে লড়ছিল। তবে ৭৩ মিনিটে ভিনিসিয়াসের দুর্দান্ত এক গোলে ২–০–তে পিছিয়ে পড়ে তারা। প্রথম গোলের নায়ক ভালভের্দের কাছ থেকে বল পেয়ে পোস্টের বাইরে থেকেই শট নেন ভিনি। তার বুলেটগতির নিখুঁত শট ঠেকানোর কোনো উপায়ই ছিল না ভিয়ারিয়াল গোলরক্ষকের।
যোগ করা সময়ে রিয়াল যখন জয়ের অপেক্ষায়, তখনই নেমে আসে বিপদ। চোটে পড়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন স্প্যানিশ ডিফেন্ডার কারভাহাল। পরে কারভাহাল নিজেই নিশ্চিত করেছেন, লিগামেন্টের মারাত্মক চোটে পড়েছেন। চোট থেকে সেরে উঠতে তার অস্ত্রোপচার লাগবে এবং এ জন্য তাকে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে।