Sylhet Today 24 PRINT

প্রথম টি-টোয়েন্টিতে ভারতের কাছে বাংলাদেশের হার

স্পোর্টস ডেস্ক |  ০৭ অক্টোবর, ২০২৪

বাংলাদেশের দেওয়া ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাঁচ ওভারের আগেই ভারতের স্কোরবোর্ডে রান ৫০। লক্ষ্য তো মামুলিই। সেটা অনায়াসে করে ফেলল ভারত।

গোয়ালিওরের যে উইকেটে বাংলাদেশ খানিক আগে রানের জন্য সংগ্রাম করছিল সেখানেই ভারতীয় ব্যাটাররা খুনে মেজাজে রান তুলে ম্যাচ জিতে নিল ৭ উইকেটে।

ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ১৪ বলে ২৯ রান তুলে আউট হওয়ার আগে তিনটি ছক্কা ও দুটি বাউন্ডারি হাঁকান। সূর্যকুমারের গড়ে দেওয়া মারকাটারি ইনিংসের ওপর দাড়িয়ে ওপেনার স্যাঞ্জু স্যামসন ভারতের জয়ের পথ আরো সহজ করে দেন। আর হার্দিক পান্ডিয়া ১৬ বলে অপরাজিত ৩৯ রান করেন।

টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দল প্রথম ওভারেই লিটন দাসকে হারায়। আরশদীপের বলে স্টিয়ার শটে বাউন্ডারি মারার পরের বলেই লিটন দাসের ব্যাটের কানায় লেগে আকাশে উঠে। রিঙ্কু সিং সহজ ক্যাচ ধরেন। ২ বলে ৪ রান করে লিটন ড্রেসিংরুমের দিকে হাঁটা ধরেন।

শান্ত লম্বা সময় ধরে ব্যাটিং করলেও সেটা কখনোই টি-টোয়েন্টি মেজাজের কিছু ছিল না। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন, মিডলঅর্ডারে তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক-প্রত্যেকেই দৃষ্টিকটু ভঙ্গিতে আউট হন।

শেষের দিকে মেহেদি হাসান মিরাজ ব্যাট হাতে কিছুটা প্রতিরোধ গড়ায় বাংলাদেশের স্কোর একশ’র ওপর যায়। কিন্তু ১২৭ রানের এই সামান্য সঞ্চয় নিয়ে ভারতীয় দলকে চ্যালেঞ্জ জানানো যায় না। এবং শেষ পর্যন্ত সেটাই ঘটল।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ১২৭/১০, ১৯.৫ ওভার (ইমন ৮, লিটন ৪, শান্ত ২৭, হৃদয় ১২, মাহমুদউল্লাহ ১, জাকের ৮, মিরাজ ৩৫*, রিশাদ ১১, তাসকিন ১২, শরিফুল ০, মুস্তাফিজ ১; আরশদীপ ৩/১৪, হার্দিক ১/২৬ বরুণ ১/৩১, মায়াঙ্ক ১/২১, সুন্দর ১/১২)।
ভারত: ১৩২/৩ ১১.৫ ওভার (স্যামসন ২৯, সূর্যকুমার ২৯, পান্ডিয়া ৩৯*)।
ফল: ভারত ৭ উইকেটে জয়ী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.