Sylhet Today 24 PRINT

মেসির হ্যাটট্রিকে বলিভিয়ার জালে আর্জেন্টিনার ৬ গোল

স্পোর্টস ডেস্ক |  ১৬ অক্টোবর, ২০২৪

ভেনিজুয়েলার বিপক্ষে ফেরা আগের ম্যাচে খুঁজে পাওয়া না গেলেও বলিভিয়ার বিপক্ষে দুর্দান্ত খেলে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। ঘরের মাঠে বলিভিয়াকে ৬-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

এস্তাদিও মাস মনুমেন্তালে আজ বাংলাদেশ সময় ভোরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা-বলিভিয়া। চোটের কারণে ম্যাচ মিস, অফফর্ম—সব মিলিয়ে বাজে সময় পার করা মেসির জ্বলে ওঠার ম্যাচে অর্ধ ডজন গোলের পাঁচটিতেই অবদান মেসির।

বলিভিয়ার বিপক্ষে গোলের সূচনা শুরু করেন মেসি। ১৯ মিনিটে লাওতারো মার্তিনেজের পাস রিসিভ করেন মেসি। কোনোকুনি দৌড়ে বলিভিয়া গোলরক্ষক গিলের্মো ভিসকারাকে একা পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন মেসি। প্রথমার্ধ আর্জেন্টিনা শেষ করে ৩-০ গোলে এগিয়ে থেকে। হ্যাটট্রিক প্রথম ৪৫ মিনিটের মধ্যে না পেলেও দুটি গোল সতীর্থদির দিয়ে করিয়েছেন মেসি। ৪৩ মিনিটে গোল করেন লাওতারো মার্তিনেজ। এরপর প্রথমার্ধের অতিরিক্ত ৩ মিনিটে মেসির অ্যাসিস্টে গোল করেন হুলিয়ান আলভারেজ।

প্রথমার্ধে যত তাড়াতাড়ি গোল পেয়েছিল আর্জেন্টিনা, দ্বিতীয়ার্ধে অতটা তাড়াতাড়ি হয়নি। আলবিসেলেস্তেদের চতুর্থ গোলটি ৬৯ মিনিটে করেন থিয়াগো আলমাদা। নাহুয়েল মলিনার পাস থেকে লক্ষ্যভেদ করেন আলমাদা। ছন্দে ফেরা মেসি হ্যাটট্রিকটা তুলে নিলেন ম্যাচের শেষভাগে এসে। ৮৪ মিনিটে এজিকুয়েল পালাসিওস পাস বাড়িয়ে দেন মেসির দিকে। ড্রিবলিং করে বক্সের ভেতর থেকে বাঁ পাশের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন মেসি। ৮৬ মিনিটে মেসি পেয়ে যান আর্জেন্টিনার জার্সিতে দশম হ্যাটট্রিক। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডকে হ্যাটট্রিক করতে সহায়তা করেছেন নিকো পাজ।

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শীর্ষে আর্জেন্টিনা। ১০ ম্যাচে ২২ পয়েন্ট বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। দুইয়ে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৯। উরুগুয়ে ১৬ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তিনে। পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে থাকা প্রত্যেকেই বাছাইপর্বে ১০টি করে ম্যাচ খেলেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.