Sylhet Today 24 PRINT

ভালোবাসুন-ঘৃণা করুন, পরোয়া করি না, কিন্তু আমার সঙ্গে খেলবেন না: সাকিব

সিলেটটুডে ডেস্ক |  ১৮ অক্টোবর, ২০২৪

ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ দেশের মাটিতে খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। পারেননি। দেশে ফেরার সব পরিকল্পনা সাজিয়ে নিয়ে দুবাই পর্যন্ত চলে আসার পর সাকিব জানলেন দেশ তাঁর জন্য নিরাপদ নয়।

অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাকিব আল হাসানকে দেশে ফিরতে মানা করেছেন। আসিফ মাহমুদ নিজেই জানিয়েছে সেটা।

বহুল প্রতীক্ষিত দেশে ফেরা নিয়ে এই বাধা পড়ে যাওয়ায় সাকিব আল হাসান জানিয়েছেন তার প্রতিক্রিয়া। জানিয়েছেন, তাঁর সঙ্গে না ‘খেলার’ কথা।

বাংলা টাইগার্সের পেজ থেকে এসেছে সাকিবের এক ভিডিওবার্তা। এই ফ্র্যাঞ্চাইজিটির দুটি দলে খেলেন সাকিব। আসছে আবুধাবি টি-টেন মৌসুমে দলটির আইকন খেলোয়াড়ও তিনি।

সাকিব সেখানে বলেন, ‘আমার জীবন, আমার নিয়ম, আমার ধরন, আমার আচরণ। আমাকে ভালোবাসুন কিংবা ঘৃণা করুন, আমি পরোয়া করি না। কিন্তু আমার সঙ্গে খেলবেন না।’

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে বাংলাদেশের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। বৃহস্পতিবার দেশে ফেরার সূচিও ছিল তাঁর। কিন্তু তাঁকে দেশে ফিরতে বারণ করা হয়েছে বিসিবির পক্ষ থেকে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাকিবকে দেশে ফিরতে বারণ করেন বিসিবি দিয়ে। আসিফ মাহমুদ বলেন, ‘সাউথ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার সিরিজে কোনপ্রকার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই আপাতত তার দেশে খেলতে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করে বিসিবিকে পরামর্শ দিতে হয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের ভাবমূর্তি রক্ষার আশু ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.