Sylhet Today 24 PRINT

ভিনি-এমবাপের গোলে রিয়াল মাদ্রিদের জয়

স্পোর্টস ডেস্ক |  ২০ অক্টোবর, ২০২৪

ভিনিসিয়াস জুনিয়র ও কিলিয়ান এমবাপে সর্বশেষ ইন্টারন্যাশনাল উইন্ডোতে জাতীয় দলের হয়ে খেলেননি। ভিনি ছিলেন ইনজুরিতে, আর এমবাপে খেলেননি বিশ্রামের জন্যে। এই বিরতি শেষে ক্লাব ফুটবলে ফিরেই দুজন করলেন গোল, আর তাদের গোলে জয় পেল রিয়াল মাদ্রিদ।

তাতে সেল্তা ভিগোর মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল।

গত রাতে বালাইদোসে ২০ মিনিটে সেল্তার ভুলের সুযোগ নিয়ে এমবাপে দুর্দান্ত এক গোল করে রিয়ালকে এগিয়ে নেন। প্রায় ৩০ গজ দূর থেকে জোরালো শটে তিনি মৌসুমে নিজের ষষ্ঠ গোলটি করেন।

স্বাগতিকরা ম্যাচে সমতা ফেরায় ম্যাচের ৫১ মিনিটে। অস্কার মিনগেসার ক্রস থেকে গোল করেন উইলিয়ট সোয়েদবার্গ।

পরিস্থিতি বদলাতে ৬৩ মিনিটে কোচ কার্লো আনচেলত্তি দলে পরিবর্তন আনেন। ফেদে ভালভার্দের বদলে লুকা মদ্রিচকে মাঠে আনেন তিনি। সেই মদ্রিচ ৩ মিনিট পরই খেলার ধারা বদলে দেন। তার থ্রু পাস ধরেই ভিনিসিয়াস গোল করেন ৬৬ মিনিটে। ফলে রিয়াল ম্যাচ শেষ করে ২-১ জয় নিয়ে।

এই জয়ের পর রিয়াল শীর্ষে থাকা বার্সাকে ধরে ফেলেছে। দুই দলেরই পয়েন্ট এখন ২৪। যদিও বার্সার ম্যাচ ৯টি আর রিয়ালের ১০টি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.