স্পোর্টস ডেস্ক | ২৩ অক্টোবর, ২০২৪
ম্যাচের প্রথম ৬০ মিনিট পর্যন্ত ২ গোলে পিছিয়ে রিয়াল মাদ্রিদ। নির্ধারিত সময় শেষে স্কোরলাইন বলল উল্টো কথাটাই। রিয়ালের বিশাল জয়। তাও আবার ৫-২ গোলে।
সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়েছিল বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। গত আসরের ফাইনালে এই বরুশিয়াকে হারিয়ে ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়াল মাদ্রিদ। ফাইনালের শোধ নিতেই কিনা প্রথমার্ধ শেষে ২ গোলে এগিয়ে গেল জার্মান ক্লাবটি।
রিয়াল মাদ্রিদের কামব্যাকের শুরু ম্যাচে ৬০তম মিনিটে। দুর্দান্ত গোল করে দলকে ম্যাচে ফেরান অ্যান্তেনিও রুদিগার।
এর দুই মিনিটের মাথায় দ্বিতীয় গোল। এবার ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের তৃতীয় গোলটি করেন লুকাস ভাসকেস। এই গোলে এগিয়ে দেন দলকে।
এরপর ম্যাচের ৮৬তম মিনিটে ফের ভিনিসিয়াস জুনিয়রের গোল। আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দলের পঞ্চম ও নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।