স্পোর্টস ডেস্ক | ২৪ অক্টোবর, ২০২৪
ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার হ্যাটট্রিক বায়ার্ন মিউনিউখের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ৪-১ গোলে জয়ে জার্মান ক্লাবটির বিপক্ষে কাটল দীর্ঘ জয়-খরা। ৯ বছর পর বায়ার্নের বিপক্ষে জিতল স্প্যানিশ ক্লাবটি।
২০১৪-১৫ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বায়ার্নকে হারানোর পর ওদের বিপক্ষে যেন জিততেই ভুলে গিয়েছিল বার্সা। মাঝে আবার আছে ৮-২ গোলের পরাজয়ের দুঃখ।
গত রাতে ৪-১ গোলের সেই জয়ের মূল কারিগর বায়ার্নেরই এক সময়ের কোচ হান্সি ফ্লিক, যিনি এখন বার্সেলোনার দায়িত্বে। রাফিনিয়ার সঙ্গে আবার গোলদাতা হিসেবে আছেন রবার্ট লেভানডফস্কি, যিনি আবার সাবেক বাভারিয়ানও! বায়ার্নের পক্ষে একমাত্র গোলটি করেন হ্যারি কেইন।
ম্যাচের প্রথম মিনিটেই গোলের শুরু করেছিলেন রাফিনিয়া। হ্যাটট্রিক পূর্ণ করতে পরের দুই গোল করেন ম্যাচের ৪৫ ও ৫৬ মিনিটে।
ইউরোপিয়ান কাপ নাম বদলে ১৯৯২-৯৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ হওয়ার পর এই টুর্নামেন্টে বার্সেলোনার খেলোয়াড়দের এটা ১৫তম হ্যাটট্রিক। আগের দিনই ভিনিসিয়াস জুনিয়রের হ্যাটট্রিকে এই তালিকায় বার্সাকে পেছনে ফেলে এককভাবে শীর্ষে উঠে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। একদিন পরেই আবার রিয়ালের পাশে চলে এল বার্সেলোনা।
এই ম্যাচের আগে বারবার ঘুরে ফিরে এসেছে ২০১৯-২০ চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের বায়ার্ন-বার্সেলোনা সেই ম্যাচটার কথা। লিসবনের সেই ম্যাচে বার্সেলোনাকে ৮-২ গোলে হারিয়েছিল বায়ার্ন। বার্সেলোনার ফুটবল ইতিহাসেই এখন যেটাকে অন্যতম বড় ‘বিপর্যয়’ মনে করা হয়। এরপর আরও চারবার বায়ার্নের মুখোমুখি হয়েছে বার্সা, জেতা তো দূরের কথা, একটা ম্যাচও ড্র করতে পারেনি!
প্রায় চার বছর আগের সেই ম্যাচে হান্সি ফ্লিক ছিলেন বায়ার্নের ডাগ আউটে। বায়ার্নের জার্সি গায়ে লেভা গোল করেছিলেন, করিয়েছিলেন। রাফিনিয়ার দুর্দান্ত হ্যাটট্রিকের দিনে এই দুজনকে নিয়েই অবশেষে বায়ার্ন-গেরো খুলল বার্সেলোনা।
এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে এটি বার্সেলোনার দ্বিতীয় জয়। সমান ম্যাচে বায়ার্নের এটি দ্বিতীয় হার।
একই রাতে স্পার্তা প্রাগকে ৫-০ গোলে হারিয়েছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। লাইপজিগের মাঠে ১-০ গোলে জিতেছে লিভারপুল, আতলেতিকো মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে লিল, ইন্টার মিলান ১-০ গোলে জিতেছে ইয়াং বয়েজের বিপক্ষে।