স্পোর্টস ডেস্ক | ২৪ অক্টোবর, ২০২৪
চতুর্থ দিনের সকালে প্রোটিয়া বোলারদের তোপ সামলাতে পারলেন না বাংলাদেশের ব্যাটাররা। কাগিসো রাবাদা আর ভিয়ান মুলডারের বোলিংয়ের সামনে ৫ ওভারেই ৩ উইকেট খুইয়ে বসল স্বাগতিকরা। অলআউট হওয়ার আগে বাংলাদেশ রান তুলল ৩০৭।
দলের পুঁজিটা শেষমেশ দাঁড়াল ১০৫ রানের। জিততে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ১০৬।
সেই লক্ষ্য সহজেই অতিক্রম করল সফরকারীরা। মাত্র ২২ ওভারেই লক্ষ্য পার। উইকেট গেল ৩টা। তাতে প্রথম টেস্টে বাংলাদেশ পরাজিত ৭ উইকেটে।
আজ দিনের শুরুতেই নতুন বল হাতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। নতুন সে বলে তাদের বল করতে হয়েছে মোটে ৫ ওভার। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের সকালে কাগিসো রাবাদার তৃতীয় বলে আউট হন নাঈম হাসান। বাংলাদেশ তাদের ৮ম উইকেট হারায় ২৮৪ রানে।
এরপর মিরাজের ব্যাটে চড়ে তিন অঙ্কের লিড নেয় বাংলাদেশ। তিনি সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন। তবে শেষমেশ তা আর পারেননি। আউট হন ৯৭ রানে। বাংলাদেশের ইনিংস থামে ৩০৭ রানে। তাতে দক্ষিণ আফ্রিকাকে জয়ের জন্য ১০৬ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৬ উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা। চতুর্থ দিনে বাংলাদেশের পতন হওয়া তিন উইকেটের দুইটিই নিয়েছেন তিনি। বাকি উইকেটটি নেন ভিয়ান মুলডার। এ ছাড়া এই ইনিংসে কেশব মহারাজের শিকার ছিল তিনটি।