Sylhet Today 24 PRINT

বার্সেলোনার কাছে হেরে গেছে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক |  ২৭ অক্টোবর, ২০২৪

সব প্রতিপক্ষের কাছে রিয়াল মাদ্রিদ ভয়ঙ্কর এক দল, কিন্তু এল ক্লাসিকোতে যেন অন্য রূপ। যদিও গত মৌসুমে সব ম্যাচ জিতেছিল রিয়াল মাদ্রিদ। তবে এবার খেল হোঁচট। ঘরের মাঠে বার্সেলোনার কাছে হেরে গেছে ইউরোপের এবং স্প্যানিশ ফুটবলের সবচেয়ে সফল ক্লাবটি।

শনিবার (২৬ অক্টোবর) স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। কাতালান জায়ান্টদের হয়ে তাদের স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি জোড়া গোল করেন, বাকি দুটি গোল আসে লামিন ইয়ামাল ও রাফিনিয়ার পা থেকে।

ম্যাচের প্রথমার্ধের চিত্র ছিল আলাদা। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ বেশির ভাগ সময় রিয়ালের হাতেই ছিল এবং তারা বেশ কয়েকটি গোলের সুযোগও পায়। তবে বার্সার চতুর অফসাইড ট্রাপের কাছে বারবার ধরা খাচ্ছিল তারা। রিয়ালের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে বারবার পড়েছেন অফসাইডের ফাঁদে। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে যেন ঘুম থেকে জেগে ওঠে বার্সা। ম্যাচের ৫৪তম ও ৫৬তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে জোড়া গোল করে পুরো বার্নাব্যুকে স্তব্ধ করে দেন বার্সার পোলিশ স্ট্রাইকার লেভানডভস্কি।

রিয়াল মাদ্রিদ এরপর ম্যাচে ফেরার চেষ্টা করছিল, তবে বার্সেলোনা আরও দুটি পাল্টা আক্রমণ থেকে গোল করে প্রতিপক্ষের আশা শেষ করে দেয়। ১৭ বছর বয়সী লামিন ইয়ামাল ৭৭তম মিনিটে গোল করে এল ক্লাসিকোর ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার হলে বার্সেলোনা তাদের পয়েন্ট ৩০-এ উন্নীত করে শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে। তারা রিয়ালের থেকে ৬ পয়েন্ট এগিয়ে এবং তৃতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.