Sylhet Today 24 PRINT

ইতিহাদে হঠাৎ পথহারা সিটি

স্পোর্টস ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০২৪

তিন গোলে এগিয়ে থাকার পরও পয়েন্ট খুইয়েছে ম্যানচেস্টার সিটি। ফেইনর্ডের বিপক্ষে জয়ের অপেক্ষায় থাকা ক্লাবটি শেষ ১৪ মিনিটে ৩ গোল হজম করে মাঠ ছেড়েছে হতাশার ড্র নিয়ে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে আর্লিং হালান্ডের জোড়া গোল ও ইল্কাই গুন্দোয়ানের গোলের পর তিন গোল হজম করেছে সিটি।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে হারের স্বাদ পাওয়া সিটি এই ম্যাচে অনেকটাই গুছিয়ে নিয়েছিল নিজেদের। পজিশন ধরে রেখে আক্রমণেও আধিপত্য দেখায়।

পেপ গার্দিওলার শিষ্যরা ৪৪তম মিনিটে হালান্ডের পেনাল্টি গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি। বিরতি থেকে ফেরার পর দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন গুন্দোয়ান। মিনিট তিনেক পর নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল করেন হালান্ড।

তিন গোলে এগিয়ে যাওয়ায় সিটির জয় নিশ্চিত ধরে নিয়েছিল সবাই। তবে সব ধারণাকে পাল্টে দেয় ফেইনর্ড ১৪ মিনিটের ব্যবধানে।

ম্যাচের ৭৫তম মিনিটে আনিস হেজ মুসার গোল দিয়ে শুরু, শেষ হয় ৮৯ মিনিটে দাভিদ হানচকোর গোল দিয়ে। মাঝখানে ৮২ মিনিটে গোল করেন সান্তিয়াগো গিমেনেস।

জিততে থাকা ম্যাচটি আকস্মিক ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে নেমে গেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। ৭ পয়েন্ট নিয়ে ২০ নম্বরে উঠেছে ডাচ ক্লাব ফেইনর্ড।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.