স্পোর্টস ডেস্ক | ২৮ নভেম্বর, ২০২৪
রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে ও লিভারপুলের মোহামেদ সালাহর পেনাল্টি মিসের ম্যাচে জয় পেয়েছে লিভারপুল। এর ফলে দেড় দশক পর স্প্যানিশ ক্লাবটির বিপক্ষে জয় পেল ইলিংশ ক্লাবটি।
ঘরের মাঠ অ্যানফিল্ডে বুধবার রাতের ম্যাচটি ২-০ গোলে জিতল আর্না স্লটের দল।
দ্বিতীয়ার্ধের শুরুতে আলেক্সিস মাক আলিস্তের স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর পেনাল্টি মিস করেন কিলিয়ান এমবাপে। মিনিট দশেক পর একই হাল মোহামেদ সালাহর। বদলি নেমে লিভারপুলের দ্বিতীয় গোল করেন কোডি হাকপো।
রিয়ালের বিপক্ষে লিভারপুলের সবশেষ জয়টিও ছিল এই অ্যানফিল্ডে ২০০৯ সালে। এই হারে এবারের চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচের তিনটিতেই হারল রিয়াল। ৬ পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে নেমে গেল কার্লো আনচেলত্তির দল।
চোটের কারণে ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়া খেলতে নামা রিয়াল প্রথমার্ধে গোলের জন্য ৫টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি। এই সময়ে লিভারপুলের ৬ শটের তিনটি লক্ষ্যে ছিল, সবগুলোই ঠেকিয়ে দেন কোর্তোয়া।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে অ্যানফিল্ডকে উল্লাসে ভাসান মাক আলিস্তের। ব্র্যাডলিকে বক্সের বাইরে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি। ফিরতি পাস পেয়ে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন আর্জেন্টাইন মিডফিল্ডার। এবারের আসরে তার দ্বিতীয় গোল এটি।
৫৯তম মিনিটে লুকাস ভাসকেসকে লিভারপুলের অ্যান্ডি রবার্টসন বক্সে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এমবাপের দুর্বল স্পট-কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন আইরিশ গোলরক্ষক কুইভিন কেলেহার।
৬৯তম মিনিটে সালাহকে রিয়ালের ডিফেন্ডার ফেরলঁদ মঁদি বক্সে ফেলে দিলে পেনাল্টি পায় লিভারপুলও। কিন্তু বাইরে মেরে ব্যবধান বাড়ানোর সুযোগ হারান মিশরীয় ফরোয়ার্ড।
৭৬তম মিনিটে ব্যবধান বাড়িয়ে রিয়ালের ঘুরে দাঁড়ানোর পথ আরও কঠিন করে তোলেন আট মিনিট আগেই বদলি নামা হাকপো। রবার্টসনের ক্রসে বক্সে লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন অরক্ষিত ডাচ ফরোয়ার্ড।