Sylhet Today 24 PRINT

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী দল

নিজস্ব প্রতিবেদক |  ০৩ ডিসেম্বর, ২০২৪

ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ধবলধোলাই করার পর এবার টি-টোয়েন্টির লড়াই শুরুর অপেক্ষা বাংলাদেশের।  

সেই লক্ষ্যে মঙ্গলবার দুপুর ২ টায় সিলেটে পৌঁছেছে নিগার সুলতানা জ্যোতির দল।

এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের টিম হোটেলে নেওয়া হয়।  এরপর আয়ারল্যান্ড দলও সিলেট এসে পৌঁছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা তিনটায় ইউএস বাংলার একটি ফ্লাইটে করে সিলেটে আসে দলটি। এর আগে বেলা ২টায় সিলেটের মাটিতে পা রাখে নিগার সুলতানা জ্যোতিরা।

বিমানবন্ধর থেকে দুই দলই চলে যায় হোটেলে। গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টে মঙ্গলবার বিশ্রাম করে দুই দল।

 ৩ ম্যাচ সিরিজের প্রথমটি হবে ৫ ডিসেম্বর। দ্বিতীয় ম্যাচ ৭ ডিসেম্বর এবং তৃতীয় ও শেষটি হবে ৯ ডিসেম্বর। প্রথম দুই ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। আর তৃতীয় ম্যাচ সকাল ১০টায় শুরু হবে।

এর আগে সোমবার মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে আয়ারল্যান্ড নারী দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল। শুরুতে ব্যাট করে সব উইকেট হারিয়ে ১৮৫ রান করে আইরিশরা। ওই রান তাড়ায় নেমে ৩৭ ওভার ৩ বল খেলেই জয় পায় বাংলাদেশ। দেশের মাটিতে প্রথমবার কোন দলকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করেছে তারা।

তিন ম্যাচ সিরিজের সবগুলোতেই জিতেছে বাংলাদেশ। ১৯ পয়েন্ট নিয়ে আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপে সাতে উঠে এসেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দুটি জিতলে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে নিগার সুলতানা জ্যোতির দল।  

প্রথম দুই টি-টোয়েন্টির বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার, সানজিদা আক্তার মেঘলা।  

অতিরিক্ত: দিশা বিশ্বাস, শামিম সুলতানা, শারমিন সুলতানা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.