Sylhet Today 24 PRINT

রোনালদোর হ্যাটট্রিকে রিয়ালের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক |  ০১ ফেব্রুয়ারী, ২০১৬

বিশ্বের অন্যতম সেরা ফুটবলার  ক্রিস্তিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে গোল উৎসবে মেতে ওঠল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ এ জায়ান্ট এসপানিওলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে।

গত সপ্তাহে রিয়াল বেতিসের মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফিরেছিল জিনেদিন জিদানের দল।

সান্তিয়াগো বের্নাবেউয়ে শেষ ছয় ম্যাচে ৩৫ গোল করার আত্মবিশ্বাসে মাঠে নামা রিয়াল এদিনও শুরুতেই জ্বলে ওঠে। প্রথম ছয় মিনিটে প্রতিপক্ষের রক্ষণে তিনবার আক্রমণ চালানোর পর চতুর্থবারে সাফল্য পেয়ে যায় তারা। হামেস রদ্রিগেসের ক্রসে হেডে বল জালে জড়ান করিম বেনজেমা।

এবারের লা লিগায় ফরাসি স্ট্রাইকার বেনজেমার এটি ১৮তম গোল, সব মিলিয়ে এ মৌসুমে ২২তম গোল তার। খানিক বাদে অতিথিদের চিলির ডিফেন্ডার এনসো রোকো তাদের ডি বক্সে রোনালদোকে ফেলে দিলে পেনাল্টি পায় রিয়াল, তা থেকে নিজেই ব্যবধান দ্বিগুণ করেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

শুরুতেই দুই গোল হজমের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই এসপানিওলের জালে আরেকটি গোল। এবারের গোলদাতা রদ্রিগেস, ডি বক্সের ঠিক বাইরে থেকে কলম্বিয়ার এই মিডফিল্ডারের বাঁ পায়ের জোরালো শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

নয় মিনিটের মধ্যে তিন গোলে এগিয়ে যাওয়ায় রিয়ালের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। তবে প্রথম পর্বে এই দলের মাঠে ৬-০ গোলে জেতা রোনালদোদের গোলক্ষুধা তখনও ছিল।

বিরতির ঠিক আগে ব্যবধান কমানোর সহজ সুযোগ পেয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার সালভা সেভিয়া, কিন্তু গোলরক্ষককে একা পেয়েও ব্যর্থ হন। তারই প্রতিআক্রমণে মাঝ মাঠ থেকে লম্বা পাস পেয়ে প্রথমে এক জনকে কাটিয়ে অসাধারণ দক্ষতায় আরেক জনকে ফাঁকি দিয়ে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন রোনালদো। এরপর ৮২তম মিনিটে কাছ থেকে হেডে হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো।

এবারের লিগে রোনালদোর এটি ১৯তম গোল, মৌসুমে ৩০তম। এর মধ্যে এসপানিওলের জালেই আটবার বল পাঠান তিনি। প্রথম পর্বে দলটির বিপক্ষে একাই পাঁচ গোল করেছিলেন তিনবারের বর্ষসেরা তারকা।

বার্সেলোনার উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেসের লিগের গোলও ১৯টি।

৮৬তম মিনিটে হেসে রদ্রিগেসের আড়াআড়ি শট গোলমুখে পা বাড়িয়ে ঠেকাতে গিয়ে নিজেদের জালেই ঠেলে দেন অতিথিদের বদলি ডিফেন্ডার অস্কার দুয়ার্তে।

বিশাল ব্যবধানের এই জয়ের পর ২২ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪৭। এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫১। এক ম্যাচ কম খেলেছে লুইস এনরিকের দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.