Sylhet Today 24 PRINT

সাকিবের বোলিং অ্যাকশনে সমস্যা নেই

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০২৪

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বোলিং নিয়ে প্রশ্ন তুলেছিল ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের কর্তৃপক্ষ।

গত সেপ্টেম্বরে দীর্ঘ ১৩ বছর পর ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ফেরেন সাকিব। সারের হয়ে সমারসেটের বিপক্ষে ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। প্রথম ইনিংসে ৪ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে দুর্দান্ত পারফর্ম করেন সাকিব। তবে সেই ম্যাচেই তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। ফলে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলতে হলে তাকে বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হতে বলা হয়।

চলতি মাসের শুরুতে বার্মিংহামের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় মোট চার ওভার বল করেন সাকিব, যেখানে ২৪টি ডেলিভারি বিশ্লেষণ করা হয়। পরীক্ষার পর বিশেষজ্ঞরা কোনো ত্রুটি পাননি। ফলে সাকিবের ওপর থাকা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে কাউন্টি কর্তৃপক্ষ।

এখন সাকিবের জন্য ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের দরজা আবারও খুলে গেছে। তার বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরে যাওয়ার মাধ্যমে যে কোনো কাউন্টি লিগে দলে খেলার আর কোনো বাধা নেই।

উল্লেখ্য, ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে সাকিব আল হাসান এখন পর্যন্ত ৪৪৭টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে ৭১২টি উইকেট নিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.