Sylhet Today 24 PRINT

সাতে-সাত, লিলকে হারিয়ে শেষ ষোলোতে লিভারপুল

স্পোর্টস ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০২৫

হার এড়ালেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জায়গা করে নিতো লিভারপুল। আগের ছয় ম্যাচই জেতা দলটি ১০ জনের লিলকে ২-১ গোলে হারিয়ে পরের পর্ব নিশ্চিত করলো।

মোহাম্মদ সালাহ ও হার্ভে এলিয়টের গোলে জিতেছে লিভারপুল। সাত ম্যাচে তাদের পয়েন্ট ২১।

৩৪তম মিনিটে কুর্তিস জোন্সের লম্বা পাস ধরে ৫০তম ইউরোপিয়ান গোল করেন সালাহ।

দ্বিতীয়ার্ধে লুইস দিয়াজকে ট্যাকল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন আইসা মান্দি। ৫৯তম মিনিটে ১০ জন হলেও ফরাসি ক্লাব সমতা ফেরায়। তিন মিনিট পর জোনাথান ডেভিড স্কোর ১-১ করেন। টুর্নামেন্টে দ্বিতীয় গোল হজম করে লিভারপুল।

তবে ঠিক তারা তিন পয়েন্ট আদায় করেছে। ৬৭তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল বক্সের প্রান্ত থেকে লক্ষ্যে মারেন এলিয়ট। লিলের এক খেলোয়াড়ের গায়ে লেগে জালে জড়ায় বল।

পরে ডারউইন নুনেজ গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।

এ নিয়ে তৃতীয়বার ইংল্যান্ডের কোনো ক্লাব চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম সাত ম্যাচেই জিতল। ২০২১–২২ মৌসুমে ইয়ুর্গেন ক্লপের লিভারপুলও প্রথম সাত ম্যাচ জিতেছিল, পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি এই কীর্তি গড়েছিল গত মৌসুমে। আর লিল ইংলিশ ক্লাবের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সর্বশেষ সাত ম্যাচেই হারল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.