ক্রীড়া প্রতিবেদক | ০২ ফেব্রুয়ারী, ২০১৬
শেষ ওভারে জিম্বাবুয়ের প্রয়োজন ৩ রান, ক্যারিবিয়ানদের ১ উইকেট। বল করতে এলেন ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমো পল। কিন্তু শেষ ওভারের জিম্বাবুয়েকে আর খেলারই সুযোগ দিল না ওয়েস্ট ইন্ডিজ।
বল না করেই নন স্ট্রাইকিং প্রান্তে জিম্বাবুয়াইন এগারো নম্বর ব্যাটসম্যান নাগুইরাবাকে খানিকটা বের হতে দেখেই হাত দিয়ে উইকেট ফেলে দিয়েই আবেদন করলেন। টিভি আম্পায়ার রান আউটের সিদ্ধান্ত দিতেই রেগে মেগে মাঠ ছাড়েন জিম্বাবুয়াইনরা। আইনত এভাবে আউট হলেও ক্রিকেটীয় স্পিরিটের সাথে তা একদমই বেমানান। স্বীকার করলেন ধারাভাষ্যকাররাও। বিতর্কিত আন্ডারআর্ম আইনের মত ক্রিকেট থেকে এ ধরনের আউটও বাদ দেয়া যায় কিনা এখন এমন প্রশ্ন তোলা একেবারেই অমূলক হবে না।
রোমাঞ্চকর লড়াইয়ের শেষ হল একটি বিতর্কিত রাউআউটে। তাতে মাত্র ২ রানে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল।
টস হেরে প্রথমে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরে বিশাল সংগ্রহ দাড় করাতে দেয় নি জিম্বাবুয়ে। মাগরিভার ৩ উইকেটের ফলে ৫০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ২২৬ রান।
২২৭ রানের লক্ষ্যে ভালই এগোচ্ছিল জিম্বাবুয়ে। মনে হচ্ছে শেষ আটে ইংলিশদের সঙ্গী হবে তারাই। তবে ৪ উইকেট হাতে রেখে জয়ের জন্য ১৮ রান বাকি থাকতে টানা ৩ উইকেট খুইয়ে ম্যাচকে ঝুঁকির মধ্যে নিয়ে গেয়ে শেষ পর্যন্ত হেরেই বসল তারা।