Sylhet Today 24 PRINT

‘এমন জয়ে ওয়েস্ট ইন্ডিজের লজ্জা পাওয়া উচিত’

সিলেটটুডে ওয়েব ডেস্ক |  ০২ ফেব্রুয়ারী, ২০১৬

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের বাঁচা মরার ম্যাচে রোমাঞ্চকর লড়াই চলাকালীন জিম্বাবুয়ের শেষ ব্যাটসম্যান রিচার্ড নগারাভাকে  ‘ক্রিকেট স্পিরিট’- পরিপন্থী আউট করে কঠোর সমালোচনার মুখে পড়েছে ক্যারিবিয়ান যুবারা।

বিশ্বের তারকা ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক ক্রিকেটের সমালোচনা করেছেন।  

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের ২২৬ রানের জবাবে জিম্বাবুয়ের শেষ ওভারে প্রয়োজন ছিল তিন রান, ব্যাট করছিল শেষ উইকেট জুটি। প্রথম বলটি করতে এসে নন স্ট্রাইকার ব্যাটসম্যানকে রান আউট করেন কিমো পল।



কিমো বল করতে আসার সঙ্গে সঙ্গে একটু করে এগোচ্ছিলেন জিম্বাবুয়ের শেষ ব্যাটসম্যান রিচার্ড নগারাভা। সুযোগটা দেখে বল না করে স্টাম্প ভেঙে দেন ওয়েস্ট ইন্ডিজের এই বোলার।

ক্রিকেটীয় নিয়মেই এভাবে আউটের বিধান আছে, কিন্তু নন স্ট্রাইকার ব্যাটসম্যানকে বল করার আগে আউট করাটা  ক্রিকেটের স্পিরিটের পরিপন্থী বলে মনে করেন বেশিরভাগ ক্রিকেট বিশ্লেষক।

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং টুইটারে লিখেছেন

“সঠিক কিংবা ভুল, মূল কথাটা হলো দারুণ জমে ওঠা একটি লড়াইয়ে দু:খজনক পরিসমাপ্তি হলো।”


ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক ওয়েন মর্গ্যান ওয়েষ্ট ইন্ডিজের ক্রিকেটারদের আচরণের সমালোচনা করে লিখেছেন

“অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অসম্মানজনক আচরণ। ওয়েস্ট ইন্ডিজের লজ্জা পাওয়া উচিত!”

ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলার লিখেছেন, “কি দেখলাম, আমার বিশ্বাসই হচ্ছে না! লজ্জার!”

অস্ট্রেলিয়ার প্রধান কোচ ও সাবেক ব্যাটসম্যান ড্যারেন লেম্যানের কাছে এটা কোনোভাবেই আউট নয়, “অবিশ্বাস্য, আউট না।”

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার আলভিরো পিটারসেন আউটের সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

“অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে যা হলো তা সমর্থন করতে পারছি না। হয়তো কোনো চিন্তা-ভাবনা ছাড়াই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে।”

তবে কেউ কেউ প্রশ্ন রেখেছেন ক্রিকেটীয় স্পিরিট পরিপন্থী আইন কেন রাখা হয়েছে?


নাটকীয়তায় ভরা ম্যাচ ২ রানে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ওয়েষ্ট ইন্ডিজ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.