Sylhet Today 24 PRINT

চ্যাম্পিয়ন্স লিগ: ৬ গোলের ম্যাচে বার্সা-ইন্টার ড্র

স্পোর্টস ডেস্ক |  ০১ মে, ২০২৫

ম্যাচের প্রথম মিনিট থেকেই গোলের শুরু। শেষ পর্যন্ত গোলবন্যার ম্যাচই। ৬ গোল হলো, তবু জিতল না কেউ। ৩-৩ গোলে ড্র বার্সেলোনা ও ইন্টার মিলানের ম্যাচ।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগ বার্সেলোনার মাঠে শেষ হয়েছে সমতায়। ম্যাচের শুরুতেই চমক দেখায় ইন্টার। কেবল ৩০ সেকেন্ডেই দৃষ্টিনন্দন ব্যাকহিল গোলে দলকে এগিয়ে দেন মার্কাস থুরাম। এটি চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোল। ২১তম মিনিটে ওভারহেড কিকে ব্যবধান দ্বিগুণ করেন ডেঞ্জেল ডামপ্রিস।

তবে দুই গোলে পিছিয়ে পড়েও হতোদ্যম হয়নি বার্সেলোনা। ২৪তম মিনিটে নিজের ১০০তম ম্যাচে নজরকাড়া এক গোল করেন ১৭ বছর বয়সী লামিনে ইয়ামাল। ইন্টারের পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান এই তরুণ, যা তাকে বানিয়েছে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতা। পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপেকে।

৩৮তম মিনিটে রাফিনিয়ার অ্যাসিস্টে ফেরান তরেস গোল করে বার্সেলোনাকে সমতায় ফেরান। এক মৌসুমে চ্যাম্পিয়নস লিগে বার্সার হয়ে গোল অবদানে (২০টি) লিওনেল মেসির রেকর্ডে স্পর্শ করেন রাফিনিয়া।

বিরতির পর ৬৪তম মিনিটে আবারও এগিয়ে যায় ইন্টার, গোল করেন ডামপ্রিস। এক ম্যাচে তিনটি গোলে সরাসরি সম্পৃক্ত হয়ে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে ইতিহাস গড়েন তিনি-এটাই কোনো ডাচ ফুটবলারের প্রথম এমন কীর্তি।

তবে মাত্র দুই মিনিট পরই সমতায় ফেরে বার্সা। কর্নার থেকে ডিবক্সের বাইরে থেকে রাফিনিয়ার দুর্দান্ত শট ক্রসবারে লেগে গোলরক্ষক ইয়ান সোমারের পিঠে লেগে জালে প্রবেশ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.