স্পোর্টস ডেস্ক | ১৬ মে, ২০২৫
এল-ক্লাসিকো জেতার পর কেবল আনুষ্ঠানিকতাই বাকি ছিল। কাল রাতে সেটাও সারা। এস্পানিওলের বিপক্ষে জিতল বার্সেলোনা। আর তাতেই এক মৌসুম পর লা লিগার শিরোপা জিতল বার্সেলোনা।
কাতালান ডার্বি অনুষ্ঠিত হলো কাল এস্পানিওলের মাঠ আরসিডিই স্টেডিয়ামে। তাতে ২-০ গোলে জয় পেলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।
এবারের এই শিরোপাসহ তাদের লা লিগা শিরোপা হলো ২৮। স্প্যানিশ লা লিগায় ৩৬ শিরোপা নিয়ে সবার উপরে রয়েছে রিয়াল মাদ্রিদ।
কোপা দেল রের পর লা লিগা, বার্সেলোনার দায়িত্বে প্রথম মৌসুমেই ঘরোয়া ‘ডাবল’ জয়ের স্বাদ পেলেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। এছাড়া গত জানুয়ারিতে ফাইনালে রিয়াল মাদ্রিদকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপও ঘরে তোলে তার দল। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নেয় তারা।
৩৬ ম্যাচে ২৭ জয় ও ৪ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৮৫। সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের প্রথম গোল পায় বার্সেলোনা ৫৩তম মিনিটে। ডান দিকে বক্সের বাইরে দানি ওলমোর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে এগিয়ে যান লামিনে ইয়ামাল। সামনে তখন প্রতিপক্ষের দুই-তিন জন খেলোয়াড়। আড়াআড়ি এগিয়ে জায়গা বানিয়ে ২০ গজ দূর থেকে বাঁ পায়ে জোরাল শট নেন ১৭ বছর বয়সী উইঙ্গার, দূরের পোস্টে ওপরের কোণা দিয়ে বল আশ্রয় নেয় জালে।
যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ইয়ামালের পাস ধরে ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি শিরোপা নিশ্চিত করে ফেলেন লোপেস।