Sylhet Today 24 PRINT

বিসিবিতে সরকারি হস্তক্ষেপ, সভাপতির পদ হারালেন ফারুক

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মে, ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলমান টানাপোড়েনের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আনুষ্ঠানিকভাবে বিসিবি পরিচালক পদে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে।

বৃহস্পতিবার (২৯ মে) তারিখে জারি করা এক সরকারি চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, বিসিবির গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩.২(খ)(৪) অনুযায়ী এবং চলমান অনাস্থা পরিস্থিতি ও স্বাধীন তদন্ত প্রতিবেদনের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে গতকাল (২৮ মে) বিসিবির ৯ পরিচালক থেকে ৮ জন একযোগে ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে চিঠি পাঠান জাতীয় ক্রীড়া পরিষদে। তার আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফারুককে ডেকে পদত্যাগে ইঙ্গিত দেন বলে জানা যায়।

যদিও ফারুক আজ পদত্যাগ করতে অস্বীকৃতি জানান। বিপিএল সংক্রান্ত একাধিক আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ ওঠে ফারুকের বিরুদ্ধে, যেগুলোর তদন্তে গঠিত স্বাধীন কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই এ মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বলে জানা গেছে।

এই সিদ্ধান্তের ফলে ক্রিকেট বোর্ডে এখন শূন্য হলো একটি পরিচালক পদ সাথে সভাপতি পদও এখন ফাঁকা, যেটিকে আইসিসি ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ হিসেবে দেখতে পারে। ফলে নিষেধাজ্ঞার শঙ্কায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.