Sylhet Today 24 PRINT

৯ গোলের থ্রিলার জিতে ফাইনালে পর্তুগালের মুখে স্পেন

উয়েফা নেশন্স লিগ

স্পোর্টস ডেস্ক |  ০৬ জুন, ২০২৫

উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে ৯ গোলের রোমাঞ্চকর ম্যাচ জিতে ফাইনালে পর্তুগালকে পেল স্পেন। ফান্সকে হারিয়েছে তারা ৫-৪ গোলে।

স্টুটগার্টে গত রাতে ফ্রান্স-স্পেন সেমিফাইনাল হয়েছে রোমাঞ্চকর। গোলের বন্যার ম্যাচে শেষ হাসি হেসেছে স্পেন।

নেশন্স লিগের ফাইনালে আগেই উঠে গিয়েছিল পর্তুগাল। আলিয়াঞ্জ অ্যারেনায় পরশু রাতে জার্মানির বিপক্ষে ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটায় পর্তুগিজরা। নেশনস লিগের প্রথম সেমিফাইনালে জার্মানদের ২-১ গোলে হারায় পর্তুগাল। আর গত রাতে দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্স-স্পেন লড়াইটা হয়েছে আরও জমজমাট। ৫-৪ গোলে জিতে ফাইনালের টিকিট কাটে স্পেন।

শিরোপার লড়াইয়ে পরশু রাতে স্পেনের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। আলিয়াঞ্জ অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে পর্তুগাল-স্পেন ম্যাচ।

স্টুটগার্টের এমএইজপি অ্যারেনায় নেশন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্স-স্পেন শুরু থেকেই আক্রমণ ও প্রতি আক্রমণে খেলতে থাকে। তবে প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তা, ফিনিশিং দুর্বলতায় ম্যাচের প্রথম ২১ মিনিটে কেউই লক্ষ্য ভেদ করতে পারেনি। ২২ মিনিটে স্পেনকে এগিয়ে দেন নিকো উইলিয়ামস। ৩ মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করে স্প্যানিশরা। ২৫ মিনিটে গোলটি করেন মিকেল মেরিনো।

স্পেনের প্রথম দুই গোলে অ্যাসিস্ট করেন মিকেল ওইরজাবাল। স্প্যানিশরা ২-০ গোলে এগিয়ে না যেতেই কার্ড দেখানো হয় লামিনে ইয়ামালকে। ৩৩ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়কে বাজে ফাউল করে হলুদ কার্ড দেখেন ইয়ামাল। প্রথমার্ধ স্পেন শেষ করে ২-০ গোলে এগিয়ে থেকে।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর দ্রুতই ৪-০ গোলে এগিয়ে যায় স্পেন। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ইয়ামাল। স্প্যানিশ তরুণ ফরোয়ার্ড গোল করার ঠিক পরের মিনিটে (৫৫ মিনিট) বাঁ পায়ের জাদুতে লক্ষ্য ভেদ করেন তাঁর সতীর্থ পেদ্রি। নিকো উইলিয়ামস অ্যাসিস্ট করেন পেদ্রিকে এই গোল করতে।

ম্যাচে প্রথম গোল পেতে ফ্রান্সের লেগেছে প্রায় ১ ঘণ্টা। ৫৯ মিনিটে কিলিয়ান এমবাপে পেনাল্টিতে গোল করেন।

এমবাপের গোলের পর দ্রুত নিজের দ্বিতীয় গোল পেয়ে যান ইয়ামাল। ৬৭ মিনিটে স্পেন ৫-১ গোলে এগিয়ে যায় ফ্রান্সের বিপক্ষে।

পিছিয়ে থাকা ফ্রান্স ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এখান থেকেই। এমনকি ফরাসিদের গোল উপহার দিয়েছে স্পেনও। ৮৪ মিনিটে আত্মঘাতী গোল করেন স্প্যানিশ ডিফেন্ডার দানি ভিভিয়ান। তার আগে ৭৯ মিনিটে গোল করেন ফরাসি ফরোয়ার্ড রায়ান চার্কি। তিনি মাঠে নামেন মাইকেল ওলিসের পরিবর্তে ৬৩ মিনিটে। চের্কি এরপর আরও এক গোলে অবদান রেখেছেন। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে গোল করেন রান্দাল কোলো মুয়ানি। কোলো মুয়ানির শেষের গোল অবশ্য ফ্রান্সের পরাজয়ের ব্যবধান কমাতে পেরেছে।

শেষ পর্যন্ত ৫-৪ গোলের জয়ে ফাইনালের টিকিট কাটে স্পেন। পর্তুগাল-স্পেন ফাইনালের আগে সান্ত্বনার ম্যাচ খেলতে নামবে ফরাসিরা। স্টুটগার্ডের এমএইচপি অ্যারেনায় পরশু রাতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে জার্মানি-ফ্রান্স।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.