স্পোর্টস ডেস্ক | ০৬ জুন, ২০২৫
ক্লাব ফুটবলে সাফল্যের অবিশ্বাস্য রেকর্ড গড়ে কার্লো আনচেলত্তি প্রথমবারের মতো দায়িত্ব নিয়েছেন কোনো জাতীয় দলের। ব্রাজিল ফুটবলের কোচ তিনি এখন। আজ খেললেন প্রথম ম্যাচ। কিন্তু প্রথম ম্যাচে জয় আসেনি তার।
লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে তার দল ব্রাজিল গোলশূন্য ড্র করে একুডরের সঙ্গে।
আনচেলত্তির প্রথম দিনের অনুশীলনের পরই ব্রাজিলের সম্ভাব্য একাদশের কথা জানায় ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলো। একুয়েডরের মনুমেন্টাল স্টেডিয়ামে নিজের প্রথম ম্যাচে সেই একাদশই মাঠে নামান সাবেক রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তি।
প্রথমার্ধে অনেকটাই উদ্দেশ্যহীন ম্যাচ খেলল দুই দলই। বিরতির পর ব্রাজিলকে চেপে ধরে একুয়েডর। শুরু থেকেই আক্রমণে গিয়ে সুযোগ তৈরির চেষ্টা করে তারা। কিন্তু বক্সের কাছাকাছি গিয়ে খেই হারাচ্ছিল একুয়েডরের খেলোয়াড়রা। মাঝমাঠে ভালো খেললেও ফিনিশিংয়ে একুয়েডর খুব একটা সুবিধা করতে পারছিল না। সঙ্গে আছে ব্রাজিলের রক্ষণভাবে খেলোয়াড়দের দৃঢ়তা।
একুয়েডরের চাপের মুখে একপর্যায়ে জোড়া বদল আনেন আনচেলত্তি। রিচাার্লিসন ও এস্তেভাওয়ের পরিবর্তে মাঠে নামেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও ম্যাথিউস কুনিয়া। কিন্তু তাতেও খুব একটা পরিবর্তন আসেনি ব্রাজিলের খেলায়।
একুয়েডরের বিপক্ষে এ ড্রয়ের পর দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ব্রাজিল। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে একুয়েডর আছে দুই নম্বরে।