Sylhet Today 24 PRINT

ফিফা ক্লাব বিশ্বকাপ: মরক্কোর আল আহলির বিপক্ষে মেসি-সুয়ারেসের মিয়ামির ড্র

স্পোর্টস ডেস্ক |  ১৫ জুন, ২০২৫

ফিফা ক্লাব বিশ্বকাপ শুরু হলো গোলশূন্য ড্র দিয়ে। লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের দল ইন্টার মিয়ামি ড্র করেছে মিশরের ক্লাব আল আহলির বিপক্ষে।

আমেরিকার মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইন্টার মিয়ামি ও আল আহলি আক্রমণ-পাল্টা আক্রমণে খেললেও কোন দলই গোল করতে পারেনি।

ম্যাচে কোনো দল গোল করতে না পারলেও সম্ভাবনায় বেশি এগিয়ে ছিল আল আহলি। মিসরের ক্লাবটি প্রথমার্ধের শেষ দিকেই পেনাল্টি পেয়েছিল। তবে ত্রেজেগিটের নেওয়া শট সেভ করে ফেলেন ইন্টার মিয়ামি গোলকিপার অস্কার উসতারি। ৩৮ বছর বয়সী এই গোলকিপার শুধু ৪৩তম মিনিটের ওই পেনাল্টি সেভই নয়, পুরো ৯০ মিনিটের খেলায় সেভ করেছেন মোট ৮টি।

ম্যাচে উসতারির মতো ব্যস্ত সময় পার করতে হয়েছে আল আহলি গোলকিপার মোহাম্মদ এল সেনাউয়িকেও। মোট ৫টি সেভ করেছেন ৩৬ বছর বয়সী এই গোলকিপার।

ইন্টার মিয়ামি ও আল আহলি দুই দলের জন্যই নকআউটে ওঠার পথ কিছুটা কঠিন হয়ে গেছে। গ্রুপের অপর দুই দল পোর্তো এবং পালমেইরাসকেই ফেবারিট ভাবা হচ্ছে।

মিয়ামির পরের ম্যাচ ১৯ জুন রাত ১টায় পর্তুগালের দল পোর্তোর বিপক্ষে। আর ব্রাজিলের পালমেইরাসের বিপক্ষে আল আহলির ম্যাচ একই দিন রাত ১০টায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.