Sylhet Today 24 PRINT

ফিফা ক্লাব বিশ্বকাপ: ব্রাজিলের ক্লাব বোটাফোগোর কাছে হারল চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন পিএসজি

স্পোর্টস ডেস্ক |  ২০ জুন, ২০২৫

প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্সের ক্লাব পিএসজি। স্প্যানিশ কোচ লুইস এনরিকে দলকে মৌসুমে ট্রেবলও জিতিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে দাপটের সঙ্গে খেলা এবং ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন হওয়া ওই পিএসজিকে ফিফা ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ১-০ গোলে হারিয়ে দিয়েছে গত মৌসুমে ব্রাজিলের লিগ চ্যাম্পিয়ন বোটাফোগো।

ম্যাচের ৩৬ মিনিটে ব্রাজিলের স্ট্রাইকার ইগোর জেসুস গোল করেন। তাকে গোলে সহায়তা দেন ভেনেজুয়েলান প্লে মেকার সাভারিনো। ওই গোল আর শোধ করতে দেয়নি বোটাফোগো। এমনকি ডিজেরি দুয়ে, কাভারাস্তখেলিয়া, ভিতিনহাদের নিয়ে গড়া দল পিছিয়ে পড়ার পর গোল শোধ করার মতো সুযোগও তৈরি করতে পারেনি।

বলের লড়াইয়ে পিএসজিকে এগিয়ে ছিল। বোটাফোগো বল পায়ে রাখার চাইতে মনযোগ দিয়েছিল গোল রক্ষায়, এবং তাতে তারা সফল হয়েছে।

যে কারণে বোটাফোগো মাত্র ২৫ শতাংশ বল পায়ে রাখলেও গোলের লক্ষ্যে ৪টি শট রাখতে পেরেছিল। যার একটি পিএসজির জালে যায়। লা প্যারিসিয়ানরা বলের দখল রেখেও গোলের লক্ষ্যে শট নিতে পারে মাত্র দুটি।

তবে কর্নার থেকে গোল আদায় করার ভালো সুযোগ ছিল পিএসজির। ১০টি কর্নার কিক পেয়েছিল তারা। বোটাফোগোর ৬ ফিট ৬ ইঞ্চির ২০ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডার জাইর কুনিয়া ও ৬ ফিট ৪ ইঞ্চির আর্জেন্টাইন ডিফেন্ডার অ্যালেক্সসান্দ্রো বারবোজার কারণে বাতাসের বলে সুবিধা করতে পারেনি পিএসজি। ডিফেন্সিভ মিডফিল্ডে সাবেক নাপোলি ও এভারটনের এলান ছিলেন দেয়ালের মতো। যা ভেদ করে নিঁখুত আক্রমণ তুলতে পারেনি পিএসজি।

এই জয়ের ফলে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠেছে বোটাফোগো।

ম্যাচের পর বোটাফোগো কোচ রেনাতো পাইভা বলেন, ‎"তারা (পিএসজি) এক দুর্দান্ত দল। আমি আগেই বলেছি, আধুনিক ফুটবলে পিএসজি সবার জন্য একটি উদাহরণ। আমি আমার ছেলেদের বলেছিলাম—দল হয়ে খেলো, একসাথে আক্রমণ করো, একসাথে রক্ষণ করো, এবং উপভোগ করো। ওরা সেটা করেছে। দুর্দান্ত খেলেছে।"

পাইভা বলেন, "ব্রাজিল সবসময়ই থাকবে বিশ্ব ফুটবলে অনন্য। ব্রাজিলিয়ান খেলোয়াড়দের মান, দেশের কোচদের কাজ—সবই ফুটে উঠছে এই পারফরম্যান্সে।"

রোববার সিয়াটেলের মেজর লিগ সকার ক্লাব সাউন্ডার্সের মুখোমুখি হবে পিএসজি। তবুও গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা এখনো টিকে আছে তাদের। অন্যদিকে, বোটাফোগো সোমবার আবার রোজ বোলে খেলবে আতলেতিকোর বিপক্ষে, এবং সেই ম্যাচে জিতলে নিশ্চিতভাবে পরবর্তী রাউন্ডে উঠবে তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.