Sylhet Today 24 PRINT

২০২৭ পর্যন্ত আল নাসরেই থাকছেন ক্রিশ্চিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক |  ২৭ জুন, ২০২৫

সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে নতুন চুক্তি করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

ক্লাবটি বৃহস্পতিবার জানিয়েছে, দুই বছরের চুক্তি করেছেন তিনি। পর্তুগিজ উইঙ্গার ২০২৭ সাল পর্যন্ত আল নাসরের সঙ্গে থাকছেন।

রোনালদোর আল নাসর ছাড়ার ব্যাপারটা গুঞ্জনের পর্যায়ে ছিল সপ্তাহখানেক আগেও। নিজেও এমন ইঙ্গিত করে বলেছিলেন, সৌদি ক্লাব ছাড়তে পারেন তিনি। সৌদি প্রো লিগ শেষ হওয়ার ঘণ্টা খানেকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, একটি অধ্যায়ের শেষ! তবে বৃহস্পতিবার নতুন করে শুরু হলো তার আল নাসর অধ্যায়।

সোশাল মিডিয়ায় রোনালদো লিখেছেন, 'নতুন অধ্যায় শুরু। একই আবেগ, একই স্বপ্ন। চলো একসঙ্গে ইতিহাস গড়ি।'

নতুন চুক্তি অনুযায়ী প্রত্যেক ট্রান্সফারের আগে রোনালদোর অনুমতি নিতে হবে ক্লাবকে।

রোনালদোর সৌদি লিগে যোগ দেওয়া ফুটবল বিশ্বে অনেক আলোচনার জন্ম দিয়েছিল। ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সৌদি প্রো লিগ ক্লাব আল নাসরে যোগ দেন তিনি। যাদের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হতো এই গ্রীষ্মে।

গত মাসে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জাপানের কাওয়াসাকি ফ্রন্টালের কাছে হেরে বিদায় নেয় আল নাসর। সৌদি প্রো লিগেও হয়েছে তৃতীয়। তবে ২৪ গোল করে লিগটির শীর্ষ গোলদাতা ছিলেন রোনালদো। সব প্রতিযোগিতা মিলে ক্লাবটির জার্সিতে ১০৫ ম্যাচে ৯৩ গোল করেছেন তিনি।

অথচ গত বছর পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী বলেছিলেন, তিনি তার ক্যারিয়ার আল নাসরেই শেষ করতে পারেন। ৪০ বছর বয়সী তারকা হয়তো সেই পথেই এগোচ্ছেন!

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.